নান্দাইলে সাংসদের বিরুদ্ধে মিছিলের সময় সংঘর্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইলে সাংসদ আবদুস সালামের বিরুদ্ধে মিছিল করা নিয়ে গতকাল রোববার সন্ধ্যায় শহরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুই পক্ষকে নিবৃত্ত করতে গিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আহত হন।
এলাকাবাসী জানান, একটি পক্ষ সাংসদ সালামের বিরুদ্ধে মিছিল করে শহরের নতুন বাজার এলাকায় অবস্থিত সাংসদের সমর্থক উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. নাজিউল্লাহর ব্যক্তিগত কার্যালয় ভাঙচুর করে। এ সময় মিছিলকারীদের এ আসন (ময়মনসিংহ-৯) থেকে দলীয় মনোনয়নপ্রত্যাশী আবদুল মালেক চৌধুরীর নামে স্লোগান দিতে শোনা যায়। এর কিছুক্ষণ পর সাংসদের সমর্থকেরা মিছিল বের করলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের থামাতে গিয়ে এক পক্ষের ইটের আঘাতে গুরুতর আহত হন উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়া।