নান্দাইলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদের স্বতন্ত্র ও বিএনপির প্রার্থীরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

বর্তমান প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে নিরপেক্ষ ব্যক্তিদের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়ার দাবি জানিয়ে গতকাল শনিবার দুপুরে নান্দাইল পৌর শহরের সাব-রেজিস্ট্রারের কার্যালয় প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে ৪ জন বর্তমান ও ৩ জন সাবেক চেয়ারম্যানসহ প্রতিদ্বন্দ্বী ১৩ জন প্রার্থী ও তাঁদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আচারগাঁও ইউপির বর্তমান চেয়ারম্যান ও ওই পদের প্রার্থী মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য যা যা করার দরকার, বর্তমান প্রশাসন তা করতে পারছে না। বরং আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খান সমানে পথসভা করে চলেছেন। তাঁকে পুলিশ প্রটোকল দিয়ে সহায়তা করছেন থানার ওসি মো. আতাউর রহমান। আর আমাদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। আমাদের অভিযোগগুলো আমলে নেওয়া হচ্ছে না।’
জাহাঙ্গীরপুর ইউনিয়নের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. মোস্তফা কামাল ওয়ানিছ বলেন, সাংসদ তাঁর এলাকার বাসিন্দা। তিনি আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রভাব সৃষ্টি করে আচরণবিধি লঙ্ঘন করে চলেছেন। শেরপুরের স্বতন্ত্র প্রার্থী মো. সোহরাব উদ্দিন বলেন, কোনো ধরনের দরপত্র ছাড়াই সাংসদ তাঁর এলাকায় একটি পদচারী-সেতু উদ্বোধন করে ভোট চাইছেন। প্রশাসন নিরপেক্ষ হলে নির্বাচনের সময় সাংসদ এটা করতে পারতেন না। তিনি সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা চান।
সিংরইল ইউপির বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুল ইসলাম বলেন, আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা তাঁর প্রচারে বাধা দিচ্ছেন। পুলিশকে খবর দিলে তারা আসে। কিন্তু কিছুই হয় না। জাহাঙ্গীরপুর ইউনিয়নের বিএনপির প্রার্থী মো. ওসমান গণি ভূঁইয়া বলেন, নির্বাচন যদি নিরপেক্ষ না হয়, তাহলে তা আয়োজন করা হচ্ছে কেন। বলা হচ্ছে, এক ভোট পেলেও নৌকার প্রার্থী চেয়ারম্যান হবে।
আচারগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান মো. হাসিম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘জনগণের ওপর আস্থা ও বিশ্বাস রেখে নির্বাচনে দাঁড়িয়েছি। ভোটাররা যাঁকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, তিনিই জনপ্রতিনিধি হবেন। নির্বাচন সুষ্ঠু না হলে গোটা প্রক্রিয়াই নষ্ট হয়ে যাবে। দেশের ভাবমূর্তি নষ্ট হবে।’
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে সাংসদ আনোয়ারুল আবেদিন খান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পদচারী-সেতু উদ্বোধনের বিষয়টি পূর্বনির্ধারিত। তহবিল ফেরত যাবে বলে তিনি তড়িঘড়ি করে দুটি সেতুর নামফলক উদ্বোধন করেছেন। ভোট চাওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, পথসভা নয়, বিভিন্ন ইউনিয়নের সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তিনি।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ শাহানুর আলম বলেন, গত বুধবার আয়োজিত উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় উপস্থিত সাংসদ, উপজেলা পরিষদের চেয়ারম্যানকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে বলা হয়েছে।
ওসি আতাউর রহমান বলেন, সাংসদ পথসভা করছেন কি না, তা পুলিশের দেখার বিষয় নয়। যেহেতু এখানে আওয়ামী লীগের দুটি পক্ষ আছে; তাই সাংসদের চলাফেরার সময় পুলিশ নিরাপত্তা দেয়।
২৩ এপ্রিল নান্দাইলের ১১টি ইউনিয়নে ভোট হবে।