নান্দাইলে সোনালী ব্যাংক ভবনে ফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সোনালী ব্যাংক লিমিটেড তারঘাট বাজার শাখার দোতলা ভবনে গতকাল রোববার সকালে অসংখ্য ফাটল দেখা দিয়েছে। ওই শাখায় কর্মরত কর্মকর্তারা সকালে ব্যাংকে প্রবেশের পর ফাটল দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে ভবন থেকে দ্রুত নেমে পড়েন। এতে ব্যাংকের দৈনন্দিন লেনদেন বন্ধ হয়ে যায়।ব্যাংকের ব্যবস্থাপক লুৎফুর রহমান বলেন, ‘সকালে ব্যাংকে আসার পর নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার বাহিনীর সদস্যরা ভবনের ফাটলের বিষয়টি আমাকে জানান। ফাটল দেখে কর্মকর্তা-কর্মচারী সবাই আতঙ্কিত হয়ে ভবন ছেড়ে দ্রুত নেমে যাই। এতে ব্যাংকের লেনদেন কার্যক্রম বন্ধ হয়ে যায়।’ গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার মুশুলি ইউনিয়নের তারঘাট বাজারে গিয়ে দেখা যায়, ব্যাংক ভবনের ভেতর প্রতিটি বিম ও কলামের সংযোগস্থলে অসংখ্য ফাটলের সৃষ্টি হয়েছে। পাশেই ব্যাংক ভবন ঘেঁষে দুই দিন ধরে একটি ভবনের নির্মাণকাজ চলছে। ওই ভবনের ভিত গড়ার জন্য প্রায় চার ফুটের বেশি গভীর গর্ত খোঁড়া হয়েছে। ব্যাংক ভবনটির নিরাপত্তার জন্য শোর পাইলিং ব্যবস্থা (প্রতিরক্ষামূলক ব্যবস্থা) করা হয়নি।বাজারের লোকজন জানান, শনিবার রাত নয়টার দিকে কালবৈশাখী ও প্রচণ্ড বৃষ্টিপাত হয়। বৃষ্টির পানি জমে গর্তটি পুকুরে পরিণত হয়েছে। এতে চারপাশের মাটি নরম হয়ে ব্যাংক ভবনটি সামান্য দেবে যায়। ফাটল দেখা দেওয়ার পর থেকেই ভবনের মালিক সেলিম খান পালিয়ে গেছেন।ইউএনও মোহাম্মদ আবদুল হামিদ মিয়া বলেন, এলজিইডি প্রকৌশলী ভবনটি পরীক্ষার পর সেটি ব্যবহারের উপযোগী কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।উপজেলার এলজিডি প্রকৌশলী মো. রাজিউল্লাহ ভবনটি পরিদর্শন করার পর বলেন, নকশা অনুসরণ করে ভবনটি নির্মাণ করা হয়নি। মাটির মাত্র দুই ফুট নিচে কলামের গোড়া (বেইজ) স্থাপন করা হয়েছে।