বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ছাত্রীটিকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিল বখাটে যুবকেরা। কিন্তু ছাত্রীটির পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত তাকে ধর্ষণের চেষ্টা করে ওই বখাটেরা। গত বুধবার রাতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের পূর্ব সৈয়দগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত শুক্রবার ওই স্কুলছাত্রী নান্দাইল থানায় মামলা করেছে। এতে সৈয়দগাঁও গ্রামের মুর্শেদ মিয়া (২৪) ও চামটা গ্রামের সুজনকে (২২) আসামি করা হয়েছে। মামলার পর থেকে বখাটেরা ছাত্রীটির পরিবারকে হুমকি দিচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোয়াজ্জেমপুর ইউনিয়নের শামছুন্নেছা চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়ের ওই ছাত্রী গত বুধবার রাতে বিশেষ কাজে বাড়ির পেছনে যায়। এ সময় সেখানে আগে থেকেই অবস্থান করা বখাটেরা ছাত্রীটির মুখ গামছা দিয়ে চেপে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ছাত্রীটির চিৎকারে বাড়ির লোকজন ছুটে এলে বখাটেরা পালিয়ে যায়। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, পুলিশ আসামিদের ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।