নান্দাইলে স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাওয়াত খাওয়ার ছলে স্কুলছাত্রী কনেকে (১৪) বরের বাড়ি নিয়ে বিয়ের আয়োজন করেছিল দুই পরিবার। এ খবর পেয়ে বিয়ে বন্ধের উদ্যোগ নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সহায়তায় প্রধান শিক্ষক বিয়ে বন্ধ করে দেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, এ বাল্যবিবাহের আয়োজন করা হয়েছিল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উচাখিলা ইউনিয়নের একটি গ্রামে। পাত্র ভাটি চরনওপাড়া গ্রামের বাসিন্দা। কনে ইউনিয়নের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নবম শ্রেণির ছাত্রী। গতকাল সোমবার বেলা একটায় তার ষাণ্মসিক পরীক্ষা শুরুর কথা ছিল। এর মধ্যে তার বিয়ের আয়োজন করে পরিবার।

উচাখিলা ইউপির চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, তিনি স্কুলছাত্রীর পরিবারকে ডেকে এই বিয়ে বন্ধ করতে বলেন। পরে বিয়েটি হবে না বলে তাঁরা নিশ্চিত করেছেন।

গ্রামবাসী জানান, উপজেলা প্রশাসন দুই বছর আগে ঈশ্বরগঞ্জকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করেছে। এরপর থেকে এ ধরনের বিয়ে পুরোপুরি বন্ধ না হলেও অনেকটাই কমে গেছে। এরই মধ্যে মেয়েটির বিয়ের কথা জানাজানি হলে স্থানীয় জনপ্রতিনিধিসহ গ্রামের কিছু লোক তা বন্ধের উদ্যোগ নেন।