নান্দাইলে স্বামীর নির্যাতনে আহত গৃহবধূ ক্লিনিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামীর নির্যাতনে আহত ময়মনসিংহের নান্দাইল উপজেলার এক গৃহবধূকে গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জ শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ওই গৃহবধূর নাম রুবিনা আক্তার (২০)। যৌতুক দাবি করে না পেয়ে গৃহবধূর স্বামী নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার উপজেলার সিংরইল গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় রুবিনার বাবা আবদুল কাদির তিনজনকে আসামি করে মামলা করেছেন। মামলার আসামিরা হলেন রুবিনার স্বামী খায়রুল আলম, শ্বশুর মর্তুজ আলী ও শাশুড়ি রুপ্তা বেগম। খায়রুল চট্টগ্রাম সেনানিবাসে সৈনিক পদে কর্মরত আছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আড়াই বছর আগে খায়রুল আলমের (৩০) সঙ্গে রুবিনার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করতেন খায়রুল। এ পর্যন্ত খায়রুলকে শ্বশুরবাড়ি থেকে দুই লক্ষাধিক টাকা দেওয়া হয়েছে। সম্প্রতি খায়রুল ছুটি নিয়ে বাড়ি এসে শৌচাগার নির্মাণ করতে তাঁর স্ত্রীকে ৫০ হাজার টাকা এনে দেওয়ার জন্য চাপ দেন। গত রোববার টাকা আনার জন্য বাবার বাড়ি যান তিনি। কিন্তু সেখান থেকে খালি হাতে ফিরে আসায় খায়রুল তাঁকে বেদম পিটুনি দেন।আবদুল কাদির জানান, গত রোববার তিনি ঘটনাটি জানার পর থানার পুলিশকে জানান। পুলিশ রোববার রাতে মর্তুজ আলীর বাড়ি থেকে রুবিনাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।খায়রুল যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, মনোমালিন্য হওয়ায় তিনি তাঁর স্ত্রীকে শাসন করেছেন।