নান্দাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার পালাহার আমলীতলা এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। নিহত আবদুর রাশিদের (৩৫) বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার চরপুম্বাইল গ্রামে। আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা সবাই পিকআপের যাত্রী। নান্দাইল মহাসড়ক থানার পুলিশ আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত বাহন দুটি পুলিশের হেফাজতে আছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, কিশোরগঞ্জগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত অবস্থায় মহাসড়কের বিভিন্ন স্থানে ছিটকে পড়েন। খবর পেয়ে মহাসড়ক থানা-পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠায়।
নান্দাইল মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক দুটি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনাটি নিশ্চিত করেন।