নান্দাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও ২৫ জন আহত হয়েছে। আজ সোমবার সকালে নান্দাইল উপজেলার হেমগঞ্জ বাজারের কাছে জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন রুমেলা আক্তার (৩০) ও হাসিনা আক্তার (৫৫)। তাঁরা সম্পর্কে বউ-শাশুড়ি। তাঁদের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া এলাকার কুমড়া শাসন গ্রামে।
রুমেলার চাচাতো ভাই কাজল মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন। তিনি জানান, রুমেলা নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানায় কাজ করতেন। দুর্ঘটনায় রুমেলা ও তাঁর শাশুড়ি হাসিনা মারা গেছেন বলে তিনি নিশ্চিত করেছেন। তবে কাজলের ভাই ও ভাইপোর আসার কথা ছিল। কিন্তু তখনও তিনি তাদের খোঁজ পাননি।
এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জে বিভিন্ন পোশাক কারখানা ও অন্যান্য কারখানার শ্রমিকদের নিয়ে আজ সকালে যাত্রীবাহী একটি বাস ঈশ্বরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে জামতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী আরেকটি বাসের সঙ্গে ঈশ্বরগঞ্জগামী বাসটির মুখোমুখি এ সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় ও হতাহতের ঘটনা ঘটে। হতাহতদের নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক মোহাম্মদ আকাইদ জানান, এখানে আনা ছয়জনের অবস্থা খারাপ হওয়ায় তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।