নান্দাইলে ১১টি প্রাথমিক বিদ্যালয় ভবনঝুঁকিপূর্ণ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ১১টি প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়। এ ছাড়া ৫০টি প্রাথমিক বিদ্যালয় ভবনকে জরাজীর্ণ উল্লেখ করে সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, গত মে মাসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস এম মেসবাহ্উল ইসলাম চরম ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন চিহ্নিত করতে প্রতিটি উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে চিঠি পাঠান। এ চিঠি পেয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সহযোগিতায় ওই ১১টি ভবন চিহ্নিত করে নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়। পরে বিদ্যালয়গুলোতে বিকল্প ব্যবস্থায় পাঠদান চালু রাখতে প্রধান শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিদের নির্দেশ দেওয়া হয়। এরপর সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর কোনোটিতে খোলা মাঠে, আবার কোনোটিতে সময়সূচি পরিবর্তনের মাধ্যমে শ্রেণীকক্ষে গাদাগাদি করে পাঠদান কার্যক্রম চালানো হচ্ছে। চণ্ডীপাশা ইউনিয়নের বাশহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সময়সূচি পরিবর্তন করে পাশের একটি উচ্চবিদ্যালয় ভবন ব্যবহার করছে। কূলধুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবন পরিত্যক্ত হওয়ায় শিক্ষার্থীদের খোলা মাঠে পাঠদান করা হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইমদাদুল হক প্রথম আলোকে জানান, ওই বিদ্যালয়গুলোর ঝুঁকিপূর্ণ ভবনে কোনোভাবেই পাঠদান না করতে নির্দেশ দেওয়া হয়েছে।