নান্দাইলের অগ্নিদগ্ধ সেই নারী মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় রহস্যজনক অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ রুমা আক্তার (২৫) মারা গেছেন৷ গত সোমবার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান৷
নান্দাইলের আচারগাঁও এলাকার জলসিঁড়ি পরিবহনের বাসস্ট্যান্ডের বিপরীতে অবস্থিত ভাড়া বাসার একটি কক্ষে গত রোববার দিবাগত রাতে রুমা অগ্নিদগ্ধ হন৷ এলাকার বাসিন্দা ফেরদৌস আহমেদ ভূঁইয়া (৫০) বলেন, রোববার রাত দুইটা থেকে আড়াইটার দিকে চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, ওই নারীর ঘরের ভেতরে আগুন জ্বলছে৷ ভেতর থেকে তাঁর বাঁচাও বাঁচাও চিৎকার শোনা যাচ্ছে৷ কিন্তু বাইরে থেকে দরজায় তালা লাগানো৷ পরে লোকজন দরজা ভেঙে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটার কথা এলাকায় প্রচার থাকলেও ওই বাড়িতে বিদ্যুতের কোনো সংযোগ দেখা যায়নি৷
মেয়ের মৃত্যু সম্পর্কে রুমার বাবা নজরুল ইসলাম কোনো মন্তব্য করতে চাননি৷ সবার মধ্যেই আতঙ্ক দেখা গেছে৷ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে রুমার ঘরে আগুনের সূত্রপাত হয়েছে বলে এলাকার একটি মহল প্রচারণা চালালেও ওই বাড়িতে বিদ্যুতের কোনো সংযোগ দেখা যায়নি৷ তবে জেনারেটরের সংযোগ থাকলেও এলাকার লোকজন জানান, ওই সংযোগ প্রতিদিন রাত ১২টার পর বন্ধ হয়ে যায়৷ আগুনে রুমার বিছানা পুড়ে গেলেও ভেতরের আসবাব ও ঘরের তেমন ক্ষতি হয়নি৷ এমনকি পাশের কক্ষগুলোও অক্ষত থাকতে দেখা গেছে৷
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ফরাজী বলেন, রুমার ঘরের দরজার শিকল বাইরে থেকে তালাবদ্ধ থাকায় অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷ পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে৷