
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার তিনটি স্থানে অটোরিকশা ও ইজিবাইকের অবৈধ স্ট্যান্ড রয়েছে। এতে ওই মহাসড়কের বিভিন্ন স্থানে যানজট চরম আকার ধারণ করছে।
উপজেলার নান্দাইল চৌরাস্তা, উপজেলা শহরের নান্দাইল সেতুর গোড়া ও নান্দাইল কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অবৈধ স্ট্যান্ডগুলো বসানো হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত সরেজমিন দেখা যায়, পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন অবৈধ স্ট্যান্ডগুলোর কাছে এসে থেমে যাচ্ছে।
তিনটি স্থানের মধ্যে নান্দাইল চৌরাস্তায় চারটি সড়ক এসে মিলেছে। কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহ, নেত্রকোনা ও তাড়াইল উপজেলায় যেতে হলে এই চৌরাস্তা পার হতে হয়। ফলে প্রতিদিন কয়েক হাজার মানুষকে নান্দাইল চৌরাস্তা ব্যবহার করতে হয়। কিন্তু চৌরাস্তার চারটি সড়কের ওপরেই সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত ইজিবাইক, ভটভটি ও নছিমনের স্ট্যান্ড বসানো হয়েছে।
এসব স্ট্যান্ড মো. রতন ভূঁইয়া নামে এক ব্যক্তি নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ রয়েছে। তিনি উপজেলার চণ্ডীপাশা ইউপির সদস্য। মুঠোফোনে যোগাযোগ করা হলে, রতন ভূঁইয়া বলেন, তিনি অচিরেই এসব স্ট্যান্ড সরিয়ে নেবেন। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে নান্দাইল সেতুর গোড়ায় বসানো হয়েছে ইজিবাইকের স্ট্যান্ড। সেখানে যত্রতত্রভাবে ইজিবাইক রাখায় যানবাহন চলাচলে প্রতিবন্ধক সৃষ্টি হচ্ছে। নান্দাইল পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া বলেন, এই স্ট্যান্ডটি পৌরসভা থেকে ইজারা দেওয়া হয়েছে। তবে তিনি বলেন, জায়গাটা পৌরসভার নয়, সড়ক বিভাগের। অন্যত্র জায়গা পেলে স্ট্যান্ডটি সরিয়ে নেওয়া হবে।
নান্দাইল সেতু থেকে প্রায় ৩০০ গজ পশ্চিমে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে একই মহাসড়কের ওপর বসানো হয়েছে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইকের দুটি স্ট্যান্ড। এ এলাকার ১০ জন বাসিন্দা ও কয়েকজন পথচারী বলেন, শুক্রবার ছুটির দিন হওয়ার পরও প্রতিটি স্ট্যান্ড এলাকায় তীব্র যানজট লেগে থাকে। সপ্তাহের কর্মদিবসগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেয়।
নান্দাইল মহাসড়ক পুলিশ থানার ওসি মো. অহিদুজ্জামান বলেন, প্রভাবশালী ব্যক্তিরা মহাসড়কের ওপর এসব স্ট্যান্ড বসিয়ে চাঁদাবাজি করছেন। তাই পুলিশের একার পক্ষে সেগুলো উচ্ছেদ করা সম্ভব নয়।