নান্দাইলের পল্লিতে একুশের চেতনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বিভিন্ন পল্লিতে শিশু ও কিশোরেরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনের জন্য নানা প্রস্তুতি নিয়েছে। বই পড়ে ভাষার জন্য শহীদ হওয়া মানুষের আত্মত্যাগের কাহিনি পড়ে তারা এ মহৎ কাজ করছে। শিশু ও কিশোরদের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে একুশের চেতনা। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তারা তৈরি করছে ছোট ছোট শহীদ মিনার। উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে এ চিত্র দেখা গেছে।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় শিশু ও কিশোরেরা স্কুলের টিফিনের টাকা জমিয়ে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করেছে।
নান্দাইল উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার পশ্চিমে বেতাগৈর ইউনিয়ন। সেই ইউনিয়নের বীরকামাটখালি, চরশ্রীরামপুর, আনন্দবাজার, লোহিতপুরসহ কয়েকটি প্রত্যন্ত পল্লিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, শিশুরা একুশে ফেব্রুয়ারি পালনের প্রস্তুতি নিচ্ছে।
দক্ষিণ বীরকামাটখালি গ্রামের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আনোয়ার হোসেন, নবম শ্রেণির তুষার মিয়া, এসএসসি পরীক্ষার্থী মো. ইসমাইল জানায়, তারা ভাষা আন্দোলন সম্পর্কে সামান্য জেনেছে বই পড়ে। একুশের চেতনা থেকে তারা এই প্রথমবারের মতো বন্ধু ও বড় ভাইদের নিয়ে এই গ্রামে শহীদ মিনার তৈরি করে মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি নিচ্ছে।
দিবসটির প্রতি কিশোরদের এই আবেগ দেখে বীরকামাটখালি গ্রামের কৃষক মো. মঞ্জুরুল ইসলাম স্থায়ী শহীদ মিনার স্থাপনের জন্য এক খণ্ড জমি দেওয়ার ঘোষণা দেন। উপজেলার আনন্দবাজার এলাকার ২১ জন শিক্ষার্থী মিলে গঠন করেছেন সেবা সংঘ নামে একটি সংগঠন। সংগঠনের উদ্দেশ্য হলো মানুষের মধ্যে ভালো চেতনা তৈরি করা, সুপথে পরিচালিত হতে সহায়তা করা।
সেই সংগঠনের প্রতিষ্ঠাতাদের একজন মো. জহিরুল ইসলাম বলেন, তিনি ফুড ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন। তিনি প্রতিবছর একুশে ফেব্রুয়ারির আগে গ্রামে চলে আসেন। তবে দিবসটি উপলক্ষে সরকারি ছুটি থাকায় তাঁদের এলাকার পাঁচটি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকে। তাই এবার সেবা সংঘের সদস্যরা প্রাথমিকের শিক্ষার্থীদের আগেভাগে বলে রেখেছেন দিবসটির কথা। তাদের নিয়ে শহীদ মিনার তৈরি করে শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হবে। একুশের চেতনা ও ভাষাশহীদদের আত্মদানের কথা প্রাথমিকের শিক্ষার্থীদেরও জানানো হবে।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পশ্চিম কোনাপাড়া গ্রামের শিশু ও কিশোরেরা স্কুলের টিফিনের টাকা জমিয়ে অস্থায়ী শহীদ মিনার তৈরি করেছে। গতকাল শনিবার তারা শহীদ মিনারটির নির্মাণকাজ শেষে সেখানে আলোকসজ্জা করেছে।
শহীদ মিনারটি তৈরির উদ্যোক্তারা হলো পাভেল মিয়া (১৩), নূর আলম (১০) ও আল-আমিন (১১)। তাদের সহযোগিতা করেছে আশরাফুল, মোজাম্মেল, মোস্তাকিম ও সাকিবসহ কয়েকজন শিশু-কিশোর। তারা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, পশ্চিম কোনাপাড়া গ্রামের শিশু-কিশোরেরা চার বছর আগে প্রথমবার ২১ ফেব্রুয়ারি উপলক্ষে কলাগাছ দিয়ে একটি শহীদ মিনার তৈরি করে। এরপর প্রতিবছর তারা কলাগাছে তৈরি মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসছিল। এ বছর স্কুলের টিফিনের টাকা জমিয়ে ও অভিভাবকদের কাছ থেকে টাকা নিয়ে তারা সিমেন্টের স্তম্ভ দিয়ে শহীদ মিনার তৈরির উদ্যোগ নেয়। গত শুক্রবার তারা মিনার তৈরির কাজ শুরু করে।
পাভেল, নূর আলম ও আল-আমিন বলে, কাছাকাছি শহীদ মিনার না থাকায় ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তারা এ শহীদ মিনার তৈরি করেছে। অভিভাবকেরা তাদের উৎসাহ দিয়েছেন।