নান্দাইলের পিয়াস ঢাকা থেকে নিখোঁজ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার পিয়াস মিয়া (২২) নামে এক তরুণ ঢাকা থেকে প্রায় এক মাস ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
পিয়াস মিয়ার বাবার নাম আবুল হাশিম। তাঁদের বাড়ি উপজেলার সিংরইল ইউনিয়নের সিংরইল গ্রামে। পিয়াস ঢাকার নীলক্ষেত এলাকার ফুটপাতে চার বছর ধরে বই বিক্রির ব্যবসা করতেন। তিনি চকবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
গত বুধবার পিয়াসের মা রেহেনা খাতুন বলেন, সিম বায়োমেট্রিক নিবন্ধন না করায় পিয়াসের মুঠোফোন বন্ধ রয়েছে। গত ১৯ জুন ঢাকা থেকে তাঁর এক আত্মীয় ফোনে জানান পিয়াস বাড়ি ফিরছেন। কিন্তু তিনি বাড়িতে আসেননি। এরপর থেকে তাঁর কোনো সন্ধানও পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, এলাকার মুরব্বিদের পরামর্শে পিয়াসের বাবা ১৪ জুলাই নান্দাইল মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। তবে পুলিশ জিডি নেয়নি।
তবে নান্দাইল থানার ওসি আতাউর রহমান বলেন, তাঁর কাছে পিয়াসের পরিবারের কেউ জিডি করতে আসেননি। রেহেনা বেগম আরও বলেন, পিয়াসের বাবা গত শনিবার রাজধানীর নিউমার্কেট থানায় জিডি করতে যান। সেখানেও জিডি গ্রহণ করা হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন পিয়াস ঢাকার যে এলাকায় বসবাস করতেন, সেই থানায় জিডি করতে হবে।
গতকাল রোববার দুপুরে মুঠোফোনে পিয়াসের ভগ্নিপতি মিনহাজুল ইসলাম বলেন, ‘পিয়াস যে বাড়িতে থাকত সেটি চকবাজার থানার অধীন। ওই থানায় আজ (গতকাল) জিডি করতে যাব।’