নান্দাইলের বিভিন্ন হাট বাজারের জমি বেদখল
ময়মনসিংহের নান্দাইল উপজেলার হাটবাজারগুলোর সরকারি জমির বেশির ভাগই সরকারের নিয়ন্ত্রণে নেই। এসব জমির বেশির ভাগ প্রভাবশালী ব্যক্তিদের দখলে বলে অভিযোগ আছে। তবে কী পরিমাণ জমি অবৈধ দখলে রয়েছে, তার হিসাব স্থানীয় ভূমি কার্যালয় দিতে পারেনি।স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জমি দখলমুক্ত করতে গেলে নানা রকম বাধা আসে। আবার কোনো কোনো বাজারের জমি নিয়ে মামলাও রয়েছে। এসব মূল্যবান জমি সরকারের নিয়ন্ত্রণে নিয়ে এর স্থায়ী দোকানের অংশ একসনা বন্দোবস্ত দেওয়া হলে তা থেকে প্রতিবছর অন্তত অর্ধ কোটি টাকা রাজস্ব আয় হতো।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হামিদ মিয়া প্রথম আলোকে বলেন, দখলদারদের তালিকা করে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ চলছে। তিনি জানান, বাজার প্রতিষ্ঠা করতে হলে যতটুকু জমিতে বাজার প্রতিষ্ঠা করা হবে প্রথমে তা সরকারের কাছে হস্তান্তর করতে হবে। এরপর ভূমি কর্তৃপক্ষ সেই জমি নিয়ন্ত্রণে নিয়ে বাজার ঘোষণা দিয়ে পরবর্তী কার্যক্রম শুরু করবে। নান্দাইলে এমন কিছু হাটবাজার রয়েছে যেগুলোর জমি কয়েক দশক পরও সরকারের কাছে হস্তান্তর করা হয়নি। ভূমি কার্যালয় ও প্রশাসন অতীতে এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। ফলে এসব জমির ওপর এখন সরকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে গেলে মামলার সম্মুখীন হচ্ছে প্রশাসন। বাজারগুলো হলো সেরপুর ইউনিয়নের পাচরুখি বাজার, খারুয়া ইউনিয়নের খারুয়া বাজার, বনগ্রাম চৌরাস্তা বাজার, দেওয়ানগঞ্জ বাজার, জাহাঙ্গীরপুর ইউনিয়নের সুরাটি বাজার ও কালীর বাজার।এসব বাজারের কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রশাসন বড় জোর বাজারগুলো ইজারা দিতে পারছে। কিন্তু জমিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে গেলেই বাধে বিপত্তি। ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ছোট-বড় মিলিয়ে ৭৫টি হাটবাজার রয়েছে। এর মধ্যে ৩৫টি হাট প্রতিবছর উপজেলা পরিষদ থেকে ইজারা দেওয়া হয়। বাকি বাজারগুলো ছোট আকারের। এসব বাজার সরকারের তালিকায় থাকলেও বাজারের জমি এখনো ব্যক্তিমালিকানায় রয়ে গেছে। প্রতিটি বাজারের সরকারি জমিতে দখলদারদের অবৈধ স্থাপনা রয়েছে। সরকার পরিবর্তন হলে এসব স্থাপনার মালিকানারও পরিবর্তন হয়।জানা যায়, ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর তৎকালীন প্রশাসন নান্দাইল পৌরসভার দুটি বাজারসহ ইউনিয়ন পর্যায়ের কয়েকটি হাটবাজারে অভিযান চালিয়ে দখলদারদের উচ্ছেদ করে। সে সময় প্রভাবশালী ব্যক্তিদের অবৈধ স্থাপনাও উচ্ছেদ হয়। কয়েক শ ক্ষুদ্র ব্যবসায়ীও দোকান হারিয়ে পথে বসেন। পরবর্তী সময়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বাজার শাখা ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের উদ্যোগ নেয়। ২০০৮ সালে পৌর শহরের পুরান বাজারের ৪৩০২ নং দাগের এক একর ২৯ শতক সরকারি জমিতে ১০৭ জন ব্যবসায়ীকে পুনর্বাসন করা হয়। অন্যদিকে ২০০৯ সালে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর পৌর বাজারসহ ইউনিয়ন পর্যায়ের হাটবাজারগুলোর জমি আবার দখল শুরু হয়।পৌর বাজারের ইজারাদার বিনয় সাহার দেওয়া তথ্যমতে, ২০ থেকে ২৫টির মতো অবৈধ স্থাপনা নতুন করে নির্মাণ করা হয়েছে। তিনি এসব স্থাপনার মালিকদের নাম বলতে চাননি। অভিযোগ আছে, অনেক ব্যবসায়ী নিয়ম ভঙ্গ করে একাধিক দোকানের জমি বন্দোবস্তি নিয়েছেন।নান্দাইল বাজারের পুরাতন মাছমহালের ১৬ শতক সরকারি জমি দখল করে একটি বিপণিবিতান গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২০০৬ সালের ৭ অক্টোবর এই জমিতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সাবেক সাংসদ খুররম খান চৌধুরী। ওই জমিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানপাট থাকায় তখন ওই কমপ্লেক্স নির্মাণ করা সম্ভব হয়নি।নান্দাইল মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মাজহারুল হক ফকির বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে সংগ্রহশালা গড়ে তুলতে এ জমিটি মুক্তিযোদ্ধা সংসদের নামে ইজারা দেওয়ার জন্য তাদের একটি আবেদন বিবেচনাধীন রয়েছে।উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাটবাজার ঘুরে জমি দখলের চিত্র পাওয়া গেছে। খারুয়া ইউনিয়নের দেওয়ানগঞ্জ বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আবদুস ছাত্তার বলেন, তিনি পাঁচ-ছয় বছর ধরে বাজারের খোলা জায়গায় ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন। সম্প্রতি তিনি ওই জমি বন্দোবস্ত পেয়েছেন। তার পরও বাজারের নিয়ন্ত্রণকারী প্রভাবশালী ব্যক্তিদের উচ্ছেদের হুমকির সম্মুখীন হচ্ছেন। এ ছাড়া রাজগাতি ইউনিয়নের কালীগঞ্জ, সুনামগঞ্জ ও ইছাগঞ্জ বাজারেও অনেক জায়গা প্রভাবশালী ব্যক্তিরা দখল করে স্থাপনা নির্মাণ করেছেন।উপজেলার কানুরামপুর পূর্ব ও পশ্চিম, চামটা, হেমগঞ্জ, নান্দাইল নতুন বাজারের কিছু অংশ, ঘোষপালা আমলীতলা, নান্দাইল চৌরাস্তা, পালাহার, মুশুলি, তারঘাট, মেরেঙ্গা, জামতলা বাজারগুলো ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে অবস্থিত। এসব বাজারের বেশির ভাগ জমির মালিক সড়ক বিভাগ। এসব জমিতেও অবৈধ স্থাপনা রয়েছে বলে অভিযোগ আছে।সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্ব পালনকারী ইউএনও আবদুল হামিদ মিয়া বলেন, প্রত্যেকটি বাজারের জমির মালিকানা নিয়ে নানা রকম জটিলতা রয়েছে। নিয়ম অনুসারে বাজারগুলোর মালিক সরকার। সেখানে কারও ব্যক্তিগত জমি থাকার কথা নয়। দখলকৃত জমি ছাড়ার জন্য বিভিন্ন সময় দখলদারদের নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা দলীয় প্রভাব খাটানোর পাশাপাশি মামলা দায়ের করে আদালতের নিষেধাজ্ঞা নিয়ে এলে করার কিছুই থাকে না। আর একই বাজারে জমি থাকা সত্ত্বেও কাউকে ওই বাজারে জায়গা বন্দোবস্ত দেওয়ার বিষয়টি তাঁর জানা নেই।