
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার বিএনপি-সমর্থিত বর্তমান মেয়র এ এফ এম আজিজুল ইসলাম ওরফে পিকুলকে গতকাল সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পৌরসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী ছিলেন। নির্বাচনের আগ মুহূর্তে গ্রেপ্তারের ঘটনায় ক্ষুব্ধ হয়ে মেয়রের সমর্থকেরা শহরে বিক্ষোভ করেন ও মহাসড়কে অবস্থান নেন।
এ সময় বিক্ষোভকারীদের হামলায় পুলিশের এক সদস্য আহত হন। পুলিশ লাঠিপেটা ও রাবার বুলেট নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
পৌর মেয়রকে গ্রেপ্তার করার বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, মেয়রের বিরুদ্ধে একাধিক মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। পুলিশ সেই পরোয়ানা তামিল করেছে। এসব পরোয়ানা এক বছরের বেশি সময় ধরে থানায় থাকার পরও আগে কেন মেয়রকে গ্রেপ্তার করা হয়নি—জানতে চাইলে ওসি বলেন, ‘আগে কী হয়েছে জানি না। তিনি থানায় যোগদান করার পর আদালতের জারি করা পরোয়ানা তামিল করেছেন। আরেক প্রশ্নের উত্তরে ওসি বলেন, মেয়র সমর্থকদের ইটের আঘাতে সাইফুল ইসলাম নামে এক কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার হবে।
চারজন প্রত্যক্ষদর্শী জানান, বেলা ১১টার দিকে আজিজুল ইসলাম শহরের চারিআনিপাড়া মহল্লার লোকজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় পুলিশের একটি দল দূর থেকে তাঁকে অনুসরণ করতে থাকে। মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের কাছাকাছি পৌঁছার পর পুলিশ তাঁকে আটক করে দ্রুত গাড়িতে তুলে থানায় নিয়ে যায়। এদিকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে মেয়রের সমর্থকেরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক ও শহরের পুরান বাজার এলাকায় অবস্থান করে বিক্ষোভ শুরু করে। এ সময় অনেক ব্যবসায়ী ভয়ে তাঁদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন। খবর পেয়ে থানা থেকে বিপুলসংখ্যক পুলিশ বের হয়ে ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের লাঠিপেটা ও রাবার বুলেট নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।
গ্রেপ্তারের পর মেয়রের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, আসন্ন পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ার পরই আজিজুল ইসলামকে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত শুরু হয়। গতকাল সেই চক্রান্ত বাস্তবায়ন করে পুলিশ। তাঁর বিরুদ্ধে করা মামলাগুলো রাজনৈতিক ঘটনা নিয়ে।
আজিজুল ইসলাম গত ২৬ নভেম্বর এ প্রতিবেদককে বলেছিলেন, আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন। জামিন না পেলে কারাগারে থেকে হলেও নির্বাচন করবেন। নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার দুটি ওয়ার্ডের আটজন বাসিন্দা বলেন, আসন্ন পৌর নির্বাচনে প্রার্থী হিসেবে আজিজুল ইসলামকে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবা হচ্ছে। তিনি গ্রেপ্তার হওয়ায় নির্বাচনটি একতরফা হতে পারে।
বিএনপির কয়েকজন স্থানীয় নেতা জানান, গত পৌর নির্বাচনে আ.লীগের দুই প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হন আজিজুল ইসলাম। তিনি নান্দাইল পৌর বিএনপির (একাংশ) জ্যেষ্ঠ সহসভাপতি। গতকাল মেয়রকে গ্রেপ্তারের পর থানা থেকে দ্রুত আদালতে পাঠিয়ে দেয় পুলিশ। আদালত থেকে তাঁকে কারাগারে পাঠানো হয়।
থানা ও আদালত সূত্রে খোঁজ নিয়ে জানা যায়, মেয়র এ এফ এম আজিজুল ইসলামের বিরুদ্ধে চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এগুলো হচ্ছে বিগত উপজেলা নির্বাচনে প্রচারণার সময় জোট সরকারের সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের গাড়ি ভাঙচুর ও তাঁকে লাঞ্ছিত করা, নাশকতার চেষ্টা এবং সাবেক একজন কমিশনারকে মারধর করার ঘটনা নিয়ে মামলা।