নান্দাইলের সেই বীজ ডিলারের লাইসেন্স স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপ-জেলার উলুহাটি বাজারের সেই ‘সুরভী এন্টারপ্রাইজ’ নামের বীজ ডিলারের লাইসেন্স স্থগিত করা হয়েছে। গত ২৭ মার্চ এ-সংক্রান্ত দাপ্তরিক আদেশ জারি করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন ময়মনসিংহের বীজ বিপণন বিভাগের উপপরিচালক সুব্রত কর্মকার। স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা যায়, বিভিন্ন ফসলের মৌসুমে ‘সুরভী এন্টারপ্রাইজ’ নামের বিএডিসির অনুমোদিত ডিলার ফিরোজ আলম ময়মনসিংহের বিএডিসির আঞ্চলিক গুদাম থেকে বীজ উত্তোলন করলেও স্থানীয় কৃষি অফিসে আগমনী প্রতিবেদন জমা দেননি। ওই বীজ কৃষকদের কাছে বিক্রি না করে কালোবাজারে বিক্রি করে দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর লাইসেন্স বাতিলের সুপারিশ করে নান্দাইল উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি। কিন্তু এ সুপারিশ উপেক্ষা করে ওই ব্যবসায়ীকে লাইসেন্স অনুমোদন দেয় বিএডিসির আঞ্চলিক কার্যালয়। এ নিয়ে গত ২১ মার্চ প্রথম আলোতে ‘নান্দাইলে বিএডিসির বীজ ডিলার নিয়োগে অনিয়ম’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। গত ২৭ মার্চ ওই বীজ ব্যবসায়ীর লাইসেন্স স্থগিতের নির্দেশ পাঠানো হয়। যোগযোগ করা হলে নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা আ. সাত্তার লাইসেন্স স্থগিতের বিষয়টি গতকাল মঙ্গলবার প্রথম আলোকে নিশ্চিত করেছেন।