নান্দাইলের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ‘দেওয়ানগঞ্জ মেডিকেল সার্ভিসেস সেন্টারের’ সেই ভুয়া চিকিৎসক মো. রুহুল আমিনের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার মামলা হয়েছে। ভুল চিকিৎসায় শিশু স্বাধীনের (১) মৃত্যুর অভিযোগ তুলে তার বাবা জাকির হোসেন ওই মামলা দায়ের করেন।

জাকির বলেন, ‘আমার একমাত্র ছেলেকে চিকিৎসার নাম করে রুহুল আমিন জেনে-বুঝে হত্যা করেছেন। আমি তাঁর দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।’

এলাকাবাসীর অনেকে জানান, উপজেলার বেলতৈল গ্রামের জাকির ও আছমা আক্তার তাঁদের ছেলে স্বাধীনের জ্বর ও পেট ফাঁপার চিকিৎসার জন্য গত বৃহস্পতিবার কিশোরগঞ্জের হোসেনপুরে যাচ্ছিলেন। পথে নান্দাইলের দেওয়ানগঞ্জে ওই সার্ভিসেস সেন্টারের চিকিৎসক রুহুল ও তাঁর সহকারী এরশাদ তাঁদের থামান। এ সময় তাঁরা স্বাধীনের ‘লিভার এখনই ফেটে যাবে’ ভয় দেখিয়ে চিকিৎসা শুরু করেন। পরে রুহুল আমিনের চিকিৎসায় শিশুটি মারা যায়। 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ফরাজী জানান, উদ্দেশ্যমূলক বা পরিকল্পনা করে কাউকে খুন করলে সেটি হত্যা হিসেবে বিবেচিত হবে। তবে চিকিৎসক না হয়েও শিশুর ওপর ভুল চিকিৎসা প্রয়োগ করায় শিশুটির মৃত্যু হয়। এ কারণেই রুহুলের বিরুদ্ধে ৩০৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।