নান্দাইলের সেই রিকশাচালক জামিন পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সেই রিকশাচালক আবুল ইসলাম (৪৫) ১৪ দিন কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন। ময়মনসিংহের ৪ নম্বর আমলি আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম গতকাল রোববার তাঁর জামিন মঞ্জুর করেন।
আবুলের স্ত্রী রিনা আক্তার জানান, গত ২০ অক্টোবর রাতে তাঁর স্বামীকে ঘুম থেকে ডেকে তোলে পুলিশ। অন্য এক মামলার আসামির বাড়ি চিনিয়ে দেওয়ার কথা বলে তাঁকে থানায় নিয়ে যায়। পরদিন আবুলকে বিএনপির নেতা পরিচয় দিয়ে হরতালে নাশকতা সৃষ্টি করতে পারেন— এমন আশঙ্কায় বিস্ফোরক আইনে পুরোনো এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা আবুলের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রতিবেদন পাঠালে তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর হয়।
এ নিয়ে গত ২৫ অক্টোবর প্রথম আলোতে ‘রিকশাচালক জেলে, অনাহারে পরিবার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে নান্দাইল মডেল থানার ওসি খন্দকার জাহিদুল ইসলাম তাঁর (আবুল) গ্রেপ্তারের বিষয়টি সম্পর্কে খোঁজ নেন। তিনি এ ঘটনাটি তদন্ত করে আদালতে নতুন একটি প্রতিবেদন পাঠান।
আবুলের আইনজীবী জেলা আইনজীবী সমিতির সদস্য ধীমান কুমার সরকার জানান, নিম্ন আয়ের লোকজনকে আটক করার আগে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের একটু সতর্ক হওয়া উচিত।