নান্দাইলের সেই শিক্ষিকা গ্রেপ্তার জামিনে মুক্ত
ছাত্রী নির্যাতনের ঘটনায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার সেই শিক্ষিকাকে গত মঙ্গলবার গ্রেপ্তার করে পুলিশ। পরে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে নান্দাইল মডেল থানা থেকে জামিনে মুক্তি দেওয়া হয়।উপজেলার ধুরুয়া মনারটেক গ্রামে ব্র্যাক পরিচালিত একটি বিদ্যালয়ের শিক্ষিকা আয়েশার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, হাতের লেখা খারাপ হওয়ায় গত রোববার পঞ্চম শ্রেণীর ছাত্রী মায়মুনা আক্তারকে বেত দিয়ে নির্মমভাবে নির্যাতন করেন তিনি। এ ঘটনায় ব্র্যাকের উপানুষ্ঠানিক শিক্ষা কার্যালয় ওই দিনই আয়েশাকে বরখাস্ত করে।একই দিন নির্যাতনের শিকার ছাত্রীর বাবা আজিজুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হামিদ মিয়ার কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ দেন। গত সোমবার ‘হাতের লেখা খারাপ হওয়ায় এত নির্যাতন’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আয়েশাকে মঙ্গলবার গ্রেপ্তার করে থানায় আনে পুলিশ। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান তালুকদার প্রথম আলোকে বলেন, মায়মুনার অভিভাবক ওই শিক্ষিকার বিরুদ্ধে মামলা করতে রাজি হননি। পরে ইউএনওর কার্যালয়ে দেওয়া অভিযোগটিই মামলা হিসেবে গ্রহণ করা হয়। ওই শিক্ষিকা থানায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে জামিন দেওয়া হয়।