নান্দাইলের সেই স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার চোখের সামনে অপহরণের শিকার ময়মনসিংহের নান্দাইলের সেই স্কুলছাত্রীকে গতকাল বুধবার বিকেল পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত সোমবার ওই স্কুলছাত্রীকে কবীর মিয়া (২৬) নামের এক যুবক অপহরণ করেন বলে মেয়েটির পরিবার অভিযোগ করে। অপহরণের ঘটনা থানায় জানানো হলেও মেয়েটিকে উদ্ধারে পুলিশ পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। কবীর উপজেলার হালিউড়া গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী ও ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার স্কুলছাত্রীর বাবা অপহরণের ঘটনা স্থানীয় সাংবাদিকদের জানান। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেয়েটির অভিভাবকদের থানায় ডেকে নেন। পরে মামলা নিয়ে মেয়েটিকে উদ্ধারে অভিযানে নামেন। কিন্তু গতকাল বিকেল পর্যন্ত মেয়েটিকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন জানান, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রুবেল (২৬) নামের একজনকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। মেয়েটিকে উদ্ধারে জোর চেষ্টা চালানো হচ্ছে।