নান্দাইলের ২৪ ডিলারই বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ১০ টাকা কেজিতে চাল বিতরণে নিযুক্ত ২৪ পরিবেশকের (ডিলার) অনুমোদন বাতিল করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি সুবিধাভোগীদের নতুন তালিকা প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে অদক্ষতা ও অব্যবস্থাপনার অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নান্দাইল উপজেলায় গত ১০ সেপ্টেম্বর হতদরিদ্রদের জন্য এ খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ ৯ (নান্দাইল) আসনের সাংসদ আনোয়ারুল আবেদিন খান। সাংসদের সুপারিশে উপজেলার ১২টি ইউনিয়নে মোট ২৪ জনকে ডিলার হিসেবে নিয়োগ দেয় উপজেলা খাদ্য বিভাগ। সপ্তাহের শুক্র, শনি ও মঙ্গলবার ডিলারদের দোকানে ব্যানার টানিয়ে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ১০ টাকা কেজিতে চাল বিক্রির কথা। কিন্তু শুরু থেকেই কর্মসূচি বাস্তবায়নে নানা অনিয়মের অভিযোগ ওঠে।
উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ১০ জন ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ কর্মসূচির জন্য সুবিধাভোগীদের তালিকা প্রণয়নের সময় তাঁদের মতামত নেওয়া হয়নি। আওয়ামী লীগের স্থানীয় নেতারা নিজেদের মতো করে তালিকা করেন। এতে করে প্রকৃত দরিদ্র ব্যক্তিদের অনেকে তালিকা থেকে বাদ পড়েছেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তামীম আল ইয়ামীন গত ২৩ ও ২৭ সেপ্টেম্বর কয়েকটি ইউনিয়নে সরেজমিনে চাল বিক্রির কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি কয়েকজন ডিলারের দোকান বন্ধ ও কয়েকটিতে অননুমোদিত কার্যক্রম, অব্যবস্থপনা ও অদক্ষতা দেখতে পান। এর পরিপ্রেক্ষিতে গত ৬ অক্টোবর খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়নে গঠিত উপজেলা কমিটির জরুরি সভা হয়। তৎকালীন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামীম আল ইয়ামীনের সভাপতিত্বে ওই সভায় উপজেলার ২৪ জন ডিলারের সরকারি অনুমতি বাতিল এবং নতুন করে ডিলার নিয়োগের সিদ্ধান্ত হয়। এ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়ে নান্দাইলের ইউএনও মোহাম্মাদ শাহানুর আলম গত শনিবার রাতে উপজেলা খাদ্য বিভাগকে চিঠি দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও শাহানুর আলম বলেন, সভার সিদ্ধান্ত মোতাবেক দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের নতুন ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া সুবিধাভোগীদের তালিকাও যাচাই-বাছাই করে পুনরায় প্রণয়ন করা হবে। এরপর কর্মসূচি নতুন করে শুরু করা হবে।