নাফ নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া-সংলগ্ন নাফ নদী থেকে আজ শনিবার বেলা আড়াইটার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা করছে, ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর হতে পারে।


টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুুর রহিম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া ৬ নম্বর স্লুইস গেইট এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ ধারণা করছে, এই ব্যক্তি মিয়ানমারের নাগরিক হতে পারে। রাতের আঁধারে অবৈধভাবে প্রবেশকালে ঝড়ের কবলে পড়ে নৌকা থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। উদ্ধার হওয়া লাশটি এলাকার কারও হলে এতক্ষণে খবর পাওয়া যেত।


টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন জানান, মৃত ব্যক্তির পরিচয় না পাওয়ায় ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মুফিদুল ইসলামকে দিয়ে দাফনের ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় টেকনাফ থানায় অপমৃত্যুর একটি মামলা করা হয়েছে।