নাফ নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স ৩২ থেকে ৩৫ বছর হতে পারে।
গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উত্তরপাড়াসংলগ্ন নাফ নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রথম আলোকে ওসি বলেন, গতকাল রাতে স্থানীয় লোকজন ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দীপংকর কর্মকার ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বিজিবির সহায়তায় লাশটি উদ্ধার করেন। এলাকার লোকজন তাঁর পরিচয় শনাক্ত করতে পারেনি। আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের পাঠানো হয়েছে। পরিচয় পাওয়া না গেলে এটি বেওয়ারিশ হিসেবে দাফনের ব্যবস্থা করা হবে।