নাফ নদী থেকে আরও দুই রোহিঙ্গা নারী-শিশুর লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ ঘোলার চর এলাকা থেকে স্থানীয় লোকজন পৃথকভাবে দুই রোহিঙ্গা নারী ও শিশুর লাশ উদ্ধার করেছেন। আজ মঙ্গলবার ভোররাত চারটার দিকে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় বিকেল পাঁচটার দিকে এক নারী ও সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এক শিশুর লাশ উদ্ধার করেন স্থানীয় লোকজন।
এর আগে নাফ নদী ও সাগর উপকূলে ছয়টি নৌকাডুবিতে টেকনাফে ৫৫ ও নাইক্ষ্যংছড়ি সীমান্তে এক রোহিঙ্গা দম্পতিসহ ৫৭ জনের লাশ উদ্ধার করা হয়েছিল।
টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুল হক প্রথম আলোকে বলেন, ভোররাতে মিয়ানমার থেকে পালিয়ে আসার সময় ধারণক্ষমতার বেশি যাত্রী নিয়ে আসা নৌকাটি ঢেউয়ের কবলে পড়ে উল্টে যায়। ওই সময় নৌকায় ৩৫ জনের মতো যাত্রী ছিল। অনেকে সাঁতরিয়ে কূলে আসতে পারলেও ১৩ জনের মতো নিখোঁজ ছিল। পরে বিকেল পাঁচটার দিকে পৃথক এলাকা থেকে এক নারী ও সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও ১১জন নিখোঁজ রয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে গিয়ে লাশ দুটি উদ্ধার করেছে এবং স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে লাশ দুটি দাফনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।