নাফ নদী থেকে নৌকাসহ জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের জেলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ শিকারকে কেন্দ্র করে নৌকাসহ বাংলাদেশি এক জেলেকে অপহরণ করে নাসাকা বাহিনীকে সোপর্দ করেছেন মিয়ানমারের জেলেরা। তাঁকে ফেরত চেয়ে নাসাকা বাহিনীকে পত্র পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পারিবারিক সূত্র জানায়, গত শনিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের বাংলাদেশ সীমান্তের নাফ নদীতে প্রতিদিনের মতো দুই জেলে মোহাম্মদ ইসমাইল ও নুরুল আমিন মাছ শিকারের জন্য বড়শি ফেলে নৌকাটি নোঙর করেন।

অন্যদিকে মিয়ানমারের জেলেরা তাঁদের জলসীমানায় কারেন্ট জাল ফেলেন। এ সময় মিয়ানমারের জেলেদের জালটি জোয়ারে ভাসতে ভাসতে বাংলাদেশ সীমানায় এসে বড়শির সঙ্গে আটকে গেলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মিয়ানমারের জেলেরা দা, কিরিচ নিয়ে বাংলাদেশিদের ওপর হামলা চালালে আত্মরক্ষার্থে হ্নীলার গুদামপাড়া এলাকার সিকদার আলীর ছেলে নুরুল আমিন (৩০) নদীতে ঝাঁপ দেন।

এ সময় মিয়ানমারের জেলেরা অপর জেলে একই এলাকার মৃত শামসুল আলমের ছেলে মোহাম্মদ ইসমাইলকে (২৬) নৌকাসহ মিয়ানমারে ধরে নিয়ে যান। নুরুল আমিন সাঁতরে কূলে ফিরে এসে তাঁর পরিবারসহ বিজিবিকে বিষয়টি জানান।

৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান বলেন, ‘নৌকাসহ জেলে অপহরণের ঘটনা নিয়ে গতকাল বোরবার সকালে হ্নীলা বিওপির মাধ্যমে জেলেকে ফিরিয়ে আনতে নাসাকা বাহিনীর ৫ নম্বর সেক্টর বরাবর প্রতিবাদপত্র পাঠানো হয়েছে। জেলেসহ নৌকা ফেরত না দেওয়া পর্যন্ত আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।’