নাফ নদী থেকে ২১ জেলেকে ধরে নিয়ে গেছে নাসাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের জালিয়াপাড়া নাফ নদী থেকে মিয়ানমারের সীমান্তরক্ষী নাসাকা বাহিনীর সদস্যরা গত শুক্রবার রাত নয়টার দিকে ছয়টি নৌকাসহ বাংলাদেশি ২১ জন জেলেকে ধরে নিয়ে গেছেন।
গতকাল শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত তাদের ছেড়ে দেওয়া হয়নি। বরং জেলেদের বিপরীতে ৪০ লাখ কিয়ট (বাংলাদেশি চার লাখ টাকা) মুক্তিপণ দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, গত শুক্রবার রাতে ঝড়ো হাওয়ার কবলে পড়ে নাফ নদীতে মাছ ধরা অবস্থায় ছয়টি বাংলাদেশি নৌকা মিয়ানমার সীমান্তে চলে যায়।
খবর পেয়ে টেকনাফের রমজান আলী একটি ইঞ্চিন ট্রলার নিয়ে ভেসে যাওয়া নৌকাগুলো উদ্ধার করতে যান।
রমজান আলী বলেন, ট্রলারে বেঁধে নৌকাগুলো টেকনাফে আনার সময় নাসাকা বাহিনী ধাওয়া করে এবং নাফ নদী থেকে ২১ জেলেসহ নৌকাগুলো মিয়ানমারে নিয়ে যায়।
জেলেরা হলেন আবুল মিয়া (৪৫), নুর বশর (৩৫), মো ইউনুচ (৩০), মো ইয়াছিন (১৪), কালা মিয়া (১৩), উমর ফারুক (১৪), মোহামঞ্চদ (২৮), আবদুল্লাহ (২৫), মো আয়ুব (৩০), আবুইয়া (২২), মো. করিম (৩০), ফজল আহমদ (২৬), মোর্শেদ আলম (২৬), মো. হাশিম (৩৫), কামাল হোছন (১২), আবু ছৈয়দ (২৮), আলী আহমদ (২৫), ফয়েজ আহমদ (৩৫), নজির আহমদ (৩২), মো. ইসমাইল (৩০) ও আমির হোসেন (২৭)। এঁরা সবাই টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার বাসিন্দা।
নৌকার মধ্যে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার বাসিন্দা আবুল হোসেনের দুটি, মো. ছিদ্দিকের দুটি, মোহামঞ্চদ আমিনের একটি ও রমজান আলীর একটি নৌকা রয়েছে।
নৌকার মালিক আবুল হোসেন ও মোহামঞ্চদ আমিন বলেন, ২১ জেলেকে মুক্তির ব্যাপারে নাসাকা ৪০ লাখ কিয়ট মুক্তিপণ দাবি করছে। নাসাকার নিয়োজিত দালাল মিয়ানমারের নাগরিক মুজিবের মাধ্যমে মুক্তিপণ দাবি করা হচ্ছে। এ ব্যাপারে টেকনাফ সদর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিওপির কোম্পানি কমান্ডারকে অবহিত করা হয়েছে।
টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান ২১ জেলেকে ধরে নিয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ২১ জেলেকে ফিরত দিতে গতকাল শনিবার সকালে মিয়ানমারের সীমান্তরক্ষী নাসাকা সেক্টরে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে। মুক্তিপণ দাবির ব্যাপারে জানা নেই।