নাফ নদী সাঁতরেও আসছে রোহিঙ্গারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর চল্লিশের কামাল আহমদ। পেশায় জেলে। মিয়ানমারের রাখাইন রাজ্যের তুলাতলী গ্রামের বাসিন্দা তিনি। গত বুধবার সকালে নাফ নদী সাঁতরে পরিবারসহ তিনি কক্সবাজারের উখিয়া সীমান্ত হয়ে ঢুকে পড়েছেন বাংলাদেশে। ১২ বছরের ছোট ছেলে ছিল তাঁর পিঠে। স্ত্রী ও ১৮ বছরের ছেলে নিজেরা সাঁতরে পার হয়েছেন। আশ্রয় নিয়েছেন উখিয়ার কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় তাঁর।

কামালের চোখে তখনো আতঙ্ক। তিনি প্রথম আলোকে বলেন, নাফ নদীতে আগে হাজারো নৌকা মাছ ধরত। এখন নিষেধাজ্ঞার কারণে নদীতে নৌকা থাকে না। দুই-একটি নৌকা সংগ্রহ করা গেলেও তাতে গাদাগাদি করে রোহিঙ্গারা উঠে পড়ে। ফলে একাধিক নৌকাডুবির ঘটনা ঘটছে। এ জন্য তাঁর মতো অনেকে নাফ নদী সাঁতরে এপারে চলে আসছেন।

রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাখাইন রাজ্যের তুলাতলী গ্রামটি উখিয়া উপজেলার পালংখালী ও বালুখালী গ্রামের বিপরীতে। এই দুটি এলাকায় নাফ নদীর প্রশস্ততা ও গভীরতা কম। ভাটার সময় পুরুষদের গলাসমান পানি থাকে। ফলে হেঁটে কিংবা সাঁতরে ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে পার হওয়া যাচ্ছে। তবে নদীর স্রোত বেশি থাকে। এতে নারী ও শিশুদের অনেকে এই পানিতেও ভেসে যাচ্ছেন।

রোহিঙ্গাদের দাবি, মিয়ানমারের তুলাতলী এলাকা থেকে নাফ নদী পাড়ি দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকে পড়ছে এ রকম একটি ভিডিও চিত্র ফেসবুকে প্রকাশ করা হয়েছে। ৩০ আগস্ট দুপুরের দিকে প্রকাশ হওয়া ভিডিও চিত্রটিতে দেখা যায়, কেউ সাঁতরে, কেউ হেঁটে নদী পাড়ি দিচ্ছে।

রোহিঙ্গারা জানায়, গত ২৪ আগস্ট রাখাইন রাজ্যে ২০টির বেশি চৌকিতে একযোগে সন্ত্রাসী হামলার পর সেখানে সান্ধ্য আইন জারি করে সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান শুরু করে সেদেশের সেনা ও পুলিশ। রাখাইন রাজ্যের মংডু জেলার ঢেকিবুনিয়া, চাকমাকাটা, ফরিকরাবাজার, তুমব্রু, কুমিরখালী, বলীবাজার, টংবাজার, সাহাববাজারসহ রোহিঙ্গা অধ্যুষিত অন্তত ২৫টি গ্রাম এখন মানুষশূন্য। এসব গ্রামের ৯০ শতাংশ ঘরবাড়ি আগুনে ধ্বংস করা হয়েছে।