নাফ নদীতে জলদস্যুর গুলিতে জেলে নিহত
নাফ নদীতে গতকাল শনিবার ভোররাত তিনটার দিকে আবদুল আমিন (৪০) নামে এক জেলেকে গুলি করে হত্যা ও দুই লক্ষাধিক টাকার চিংড়িমাছ লুট করে নিয়ে গেছে জলদস্যুরা। ঘটনাটি ঘটে নাফ নদীর মিয়ানমার জল সীমানা এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তির পরিবার সূত্র জানায়, ভোররাতে নাফ নদীর মিয়ানমার গাছবনিয়া নামক স্থানের চিংড়ি ঘের এলাকায় কয়েকজন জেলে জাল দিয়ে চিংড়ি মাছ শিকারের সময় একদল জলদসূ্৵ মাছ ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় জেলেরা বাঁধা দেওয়ার চেষ্টা করলে জলদস্যুরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। এতে আবদুল আমিন নামে এক জেলে গুলিবিদ্ধ হলেও অন্যরা আত্মরক্ষার্থে বিভিন্ন স্থানে লুকিয়ে থাকেন। জলদস্যুরা এ সময় দুই লক্ষাধিক টাকার চিংড়ি মাছ লুট করে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর গুলিবিদ্ধ আবদুল আমিনের বড় ভাই নুরুল আমিনসহ অন্যরা তাঁকে উদ্ধার করে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি মিয়ানমারের উত্তর নাগাকুরা এলাকার মৃত আবদুল মতলবের ছেলে।
লাশ উদ্ধার : কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের জালিয়াপাড়াসংলগ্ন নাফ নদ থেকে গতকাল শনিবার অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম বলেন, বেলা সাড়ে ১২টার দিকে জালিয়াপাড়া ৬ নম্বর স্লুইসগেট এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ ভাসতে দেখা যায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। লাশটি কোনো রোহিঙ্গার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাতে অনুপ্রবেশকালে ঝড়ের কারণে নৌকা থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে তাঁরা ধারণা করছেন।