নাফ নদীতে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে যাত্রীবোঝাই নৌকাডুবিতে ৯ শিশুসহ ১১ জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকায় এ ঘটনা ঘটে।
গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে টেকনাফের দমদমিয়া কেয়ারী সিন্দাবাদের ঘাটসংলগ্ন এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কিন্তু লাশের কোনো পরিচয় পাওয়া না গেলেও তার পকেটে মিয়ানমারের মুদ্রা পাওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে মিয়ানমারের নাগরিক।
হ্নীলা ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মোহামঞ্চদ আলী জানান, বৃহস্পতিবার রাতে নয়াপাড়া শরণার্থী শিবির থেকে ২২ জন নারী, পুরুষ, শিশুসহ মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক নিয়ে একটি নৌকা অবৈধভাবে জাদিমুরা নামক এলাকা দিয়ে যাওয়ার সময় নাফ নদীর মাঝখানে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
নৌকাডুবির পর সাঁতরে কূলে ফিরে আসা মিয়ানমারের বুচিদং চৌ প্রাং গ্রামের আবদুর রহমানের স্ত্রী আকলিমা খাতুন (৩৫) বলেন, ‘ওই রাতে জাদিমুরা স্কুলের পূর্ব ঘাট দিয়ে স্থানীয় দালাল নুর মোহামঞ্চদ জনপ্রতি ৮০০ টাকা (বাংলাদেশি) নিয়েছে। পরে নৌকাটিতে নয়জন বিভিন্ন বয়সের শিশু এবং ১৩ জন নারী-পুরুষ ছিল। ছোট নৌকায় অতিরিক্ত যাত্রী বহন করায় ঝড়ের কবলে পড়ামাত্র ডুবে যায়। সঙ্গে শিশুকন্যা পারভিন আক্তার (৮), সেতারা বেগম (১০), আসমিদা বেগম (৬), রশিদা বেগম (৪), রুহুল আমিন (১০), মো. ফোরকান (৭), ছৈয়দ আহমদ (৪৫), নূরজাহান (৩৫), মনোয়ারা বেগম (১০), মুন্নি আকতার (৫) ও হাবিব উল্লাহ (৭) নিখোঁজ থাকলেও আমিসহ ১১ জন সাঁতরে কূলে উঠে আসি। এরা মিয়ানমারের বুচিদং চৌ প্রাং গ্রামের বাসিন্দা।’
৪২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শফিকুর রহমান বলেন, নাফ নদীর বাংলাদেশ জলসীমায় কয়েকটি লাশ ভাসছে বলে স্থানীয় জেলেদের মাধ্যমে খবর পেয়ে বিজিবির জওয়ানেরা উদ্ধার অভিযানে গেলে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ পাওয়া যায়। লাশের কোনো পরিচয় পাওয়া না গেলেও তার পকেটে মিয়ানমারের মুদ্রা পাওয়ায় সে দেশে সীমান্তরক্ষী লুণ্ঠিন বাহিনীকে লাশটি ফেরত নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়। কিন্তু তারা অস্বীকৃতি জানালে লাশটি টেকনাফ থানার পুলিশে দেওয়া হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহামঞ্চদ ফরহাদ বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজারে পাঠানো হয়েছে। উপকূলে আর কোনো লাশ ভেসে আসার খবর পাওয়া যায়নি।