কক্সবাজারের টেকনাফে সোমবার রাত ১০টার দিকে যাত্রীবোঝাই একটি নৌকাডুবির ঘটনায় দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় এখনো সাতজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকার নাফ নদীতে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে টেকনাফের হ্নীলা চৌধুরীপাড়া বেড়িবাঁধ এলাকায় এক নারী ও মোচনি থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়। নারীর কোমরে কিছু মিয়ানমারের মুদ্রা পাওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা মিয়ানমারের নাগরিক।
জাদিমুরা এলাকার কয়েকজন জানান, সোমবার রাতে নারী-পুরুষ-শিশুসহ ২০ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক নিয়ে একটি নৌকা মিয়ানমারে যাওয়ার সময় নাফ নদীতে ডুবে যায়। রাতে কয়েকজন সাঁতরে পাড়ে এলেও অন্যরা নিখোঁজ রয়েছে।
তাঁরা আরও বলেন, গত বছরের আগস্ট মাসে একই ঘাট দিয়ে ২২ জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনায় শিশুসহ ১১ জন নিখোঁজ ছিল। পরে আটজনের লাশ উদ্ধার হলেও দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় তারা প্রতিনিয়ত মানবপাচার কাজ চালিয়ে যাচ্ছে।
নৌকাডুবির পর সাঁতরে পাড়ে আসা মিয়ানমারের পোয়াংখালী গ্রামের গণি মিয়ার মেয়ে সনজিদা বেগম (১৭) বলে, ‘ওই রাতে জাদিমুরার মাদ্রাসার পূর্ব ঘাট দিয়ে স্থানীয় দালাল নুর মোহামঞ্চদ, আবদুল আমিন, জালাল, আকতার কামাল, ছৈয়দুল আমিন জনপ্রতি ৭০০ টাকা (বাংলাদেশি) নিয়ে একটি নৌকায় আমার বাবাসহ ১৩ জন নারী-পুরুষ ও বিভিন্ন বয়সের সাতজন শিশুকে ছোট নৌকায় তুলে দেয়।
নৌকাটি কিছু দূর গেলে অতিরিক্ত যাত্রী বহন করায় ডুবে যায়। এ সময় সাঁতরে আমিসহ ১১ জন কূলে ফিরে আসি। এখন দুটি লাশ উদ্ধারের খবর শুনলেও আমার বৃদ্ধ বাবাসহ সাতজনের খোঁজ পাওয়া যায়নি।’
টেকনাফ থানার উপপরিদর্শক সেন থোয়াইং বলেন, নাফ নদীতে নৌকাডুবির ঘটনায় গতকাল বেলা দুইটার দিকে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক ফরিদা বেগম (৫০) ও শিশু মোহামঞ্চদ ইলিয়াছের (৪) লাশ উদ্ধার করে নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবির ও লেদা আনরেজিস্টার্ড ক্যাম্পে বসবাসরত তাদের স্বজনদের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।