নাফ নদীতে বিজিবির সঙ্গে মাদক পাচারকারীদেরগোলাগুলিতে নিহত ১
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে ইয়াবা পাচারকারীদের গোলাগুলির ঘটনায় এক নারী নিহত হয়েছেন। তিনি মিয়ানমারের নাগরিক। গত বুধবার গভীর রাতে উপজেলার শাহপরীর দ্বীপের বদরমোকাম (ঘোলারচর) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহিদা বেগমের (৬০) বাড়ি মিয়ানমারের মংডু এলাকায়। গোলাগুলির সময় তিনি নদীতে একটি নৌকায় ছিলেন। এ ঘটনায় ওই নৌকার আরও চার আরোহী গুলিবিদ্ধ হয়েছন। তাঁদের মধ্যে তিনজন মিয়ানমারের বাসিন্দা।
বিজিবি জানায়, নৌকাটিতে ২৮ হাজার ইয়াবা বড়ি পাওয়া গেছে।
গুলিবিদ্ধ চারজন হলেন মিয়ানমারের রাশিদা বেগম (২৫), মজুমা বেগম (৪৯), মো. কাশেম (৮০) এবং টেকনাফের শাহপরীর দ্বীপের মো. শফিক (৩৫)।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবুজার আল জাহিদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহপরীর দ্বীপ চৌকির হাবিলদার মো. নজরুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল বদরমোকামের এলাকায় বুধবার রাতে অবস্থান করছিল। রাত সাড়ে ১২টার দিকে মিয়ানমার থেকে দুটি নৌকা বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবির দলটি সামনের দিকে এগিয়ে যায়। থামার সংকেত দেওয়ামাত্রই টহল দলের ওপর নৌকা দুটি থেকে গুলিবর্ষণ শুরু হয়। এ সময় আত্মরক্ষার্থে ১৭ রাউন্ড গুলি করে বিজিবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবির প্রতিরোধের মুখে একটি নৌকা দ্রুত দিক পরিবর্তন করে মিয়ানমারের দিকে চলে যায়। অন্যটি ঘোলারচরে আটকে যায়। আটকে যাওয়া নৌকাটি তল্লাশি করে ২৮ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। গোলাগুলিতে আহত জাহিদা, মজুমা, রাশিদা, কাসেম ও শফিক (বাংলাদেশি) আহত হন। এ ছাড়া অক্ষত অবস্থায় মো. শফিক নামের আরেক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুলিবিদ্ধ পাঁচজনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসক জাহিদাকে মৃত ঘোষণা করেন। অপর চারজনকে বিজিবির হেফাজতে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান বলেন, মো. শফিককে থানায় হস্তান্তর করেছে বিজিবি।