মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (নাসাকা) হাতে অপহরণ এবং নৌকা, জাল ও মাছ লুটের ঘটনা বাড়তে থাকায় কক্সবাজারের টেকনাফ উপজেলার কয়েক হাজার জেলে মিয়ানমারসংলগ্ন নাফ নদীতে মাছ শিকারে যাচ্ছেন না। এতে জেলেদের সঙ্গে বিপাকে পড়েছেন এলাকার নৌকার মালিকেরা।জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে নাফ নদী ও গভীর বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন চ্যানেলে বাংলাদেশের জলসীমায় ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ ব্যাপক হারে ধরা পড়ছে। কিন্তু নাসাকা-আতঙ্কে জেলেরা সেখানে যেতে পারছেন না। স্থানীয় বাসিন্দারা জানান, গত ১১ সেপ্টেম্বর নাফ নদীর পেরাংপুরু ও মংনিপাড়া এলাকাসংলগ্ন বাংলাদেশ জলসীমানায় মাছ শিকারের সময় নাসাকা বাহিনী আটটি নৌকা ও জাল নিয়ে যায়। এরপর গত ১৬ সেপ্টেম্বর বিকেলে মংনিপাড়া এলাকায় ১২টি নৌকাকে ধাওয়া করে নাসাকা বাহিনী। এ সময় টেকনাফ পৌর এলাকার মধ্যম জালিয়াপাড়ার ছৈয়দ আলমের মালিকাধীন তিনটি নৌকা ছিনতাই এবং মাছ ও জালসহ চার জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করে নাসাকা বাহিনী। অপহূত জেলেরা হলেন, মো আবদুল্লাহ, মোছন আলী, জাকির হোছন ও মো. নূরু মিয়া। তাঁরা সবাই টেকনাফ পৌর এলাকার জালিয়াপাড়ার বাসিন্দা। নৌকা ছিনতাই ও জেলেদের অপহরণের পর তাঁদের ছাড়িয়ে নিতে মুক্তিপণ দাবি করে নাসাকা। অনেক দর-কষাকষির পর অবশেষে মুক্তিপণ দিয়ে চার জেলে ছাড়া পেলেও নৌকাগুলো ফেরত পাওয়া যায়নি। টেকনাফ জেলেপল্লির জেলে নুরুল আলম জানান, নাসাকা বাহিনীর ধাওয়া খেয়ে কেউ এখন আর নদীতে মাছ শিকারে যাচ্ছেন না। কারণ তাঁরা অমানবিক নির্যাতনের পাশাপাশি বিনা অপরাধে সে দেশের কারাগারে ঢুকিয়ে দেয়। তাই এ সমস্যা সমাধানে সরকারের এগিয়ে আসা দরকার বলে তিনি মনে করেন। নৌকার মালিক আনোয়ার হোসেন ও ছৈয়দ আলম বলেন, নাসাকা বাহিনীর অত্যাচার ও লুটপাটের কারণে কোনো জেলেই মাছ শিকারে যেতে রাজি হচ্ছেন না। তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এতে তাঁরা আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান প্রথম আলোকে বলেন, ১৬ সেপ্টেম্বর নাফ নদী থেকে বাংলাদেশি চার জেলেসহ নৌকা অপহরণের ঘটনার প্রতিবাদ জানানোর পর জেলেদের ফেরত দেওয়া হয়। তিনি বলেন, নাসাকার অত্যাচার বন্ধে তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।