নাফ নদীতে মাছ ধরা বন্ধ করতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাছ ধরার নামে নাফ নদীতে জেলেদের মাধ্যমে ইয়াবা পাচার ঠেকাতে মাছ ধরা বন্ধের সিদ্ধান্ত নিতে চায় সরকার।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস। মন্ত্রী বলেন, ‘গত ২৬ জুন ঈদ ছিল। এ কারণে ২৬ জুলাই দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনি সংস্কারের পাশাপাশি ইয়াবা বড়ি প্রবেশের মূল পথ টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ জোন স্থাপন করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে মাদকদ্রব্য পাচার বন্ধ করতে নতুন আইন প্রণয়নের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই আইনের বিভিন্ন ধারা নতুন করে সাজানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি মাদকাসক্ত লোকজনের চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠন করা হয়েছে।

মন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। দেশকে মাদকমুক্ত করতে প্রধানমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ নীতিকে সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।