নাফ নদীতে মিয়ানমারের বিজিপির নির্যাতন বন্ধে জেলেদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে এক মানববন্ধনে জেলেরা বলেছেন, নাফ নদীতে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) জেলেদের ওপর হামলা চালাচ্ছে। জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছে। আবার কখনো জাল, মাছ, নৌকাসহ ধরে নিয়ে জেলেদের ওপর নির্যাতন করছে।
গতকাল সোমবার বিকেলে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং স্টেশন চত্বরে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় ‘জেলে ও কাঁকড়া আহরণকারী সমন্বয় কমিটি’র ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ আলম। বক্তব্য দেন টেকনাফ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, মুহাম্মদ তাহের নঈম, নুরতাজুল মোস্তফা, মাছ ব্যবসায়ী নুরুল ইসলাম, শামসুল আলম সওদাগর, জেলে আজগর আলী, ফরিদ আলম, মো. কফিল উদ্দিন, মোহাম্মদ হোসেন, দেলোয়ার হোসেন, সৈয়দ হোসেন প্রমুখ। কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত জেলে-পরিবারের সদস্যদের পাশপাশি এলাকার সাধারণ লোকজন অংশ নেন।
সভায় বক্তারা জেলেদের নিরাপত্তায় নাফ নদীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল আরও বাড়ানোর দাবি জানান। এ ছাড়া যেসব জেলে মিয়ানমারে আটক রয়েছেন, তাঁদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
জেলেদের দাবির বিষেয় টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, নাফ নদীর মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ার অভিযোগ তুলে কয়েকজন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী। কিন্তু বিজিবির কড়া প্রতিবাদের কারণে সম্প্রতি কয়েকজন জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার। সে দেশের কারাগারে আটক রয়েছেন এমন কিছু জেলেকে ফেরত আনার প্রক্রিয়া চলছে।