নাফ নদীর স্রোতে ভেসে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে আজ শনিবার সকালে নাফ নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে যাওয়া দুই শিশু মারা গেছে। এ ঘটনায় আরও এক শিশু আহত হয়েছে।

সকাল নয়টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া-সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো টেকনাফের বাসিন্দা ফরিদ আহমদের ছেলে আবদুল আজিজ (৭) ও জাকির হোসেনের ছেলে মো. সাদ্দাম হোসেন (৭)। এ ছাড়া গুরুতর অসুস্থ হয়েছে মোহাম্মদ আনোয়ারের ছেলে মোহাম্মদ শরিফ (৬)।

মারা যাওয়া শিশুদের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে জোয়ারের সময় আজিজ, সাদ্দাম, শরিফসহ আরও কয়েক শিশু নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে স্রোতের টানে তিনজনকে ভেসে যেতে দেখলে সঙ্গে থাকা বন্ধুরা চিত্কার শুরু করে। এ সময় স্থানীয় লোকজন ছুটে গিয়ে ওই তিনজনকে উদ্ধার করে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক আজিজ ও সাদ্দামকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিত্সক শহীদুল আলম প্রথম আলোকে জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশু মারা গেছে। শরিফকে প্রাথমিক চিকিত্সা দিয়ে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।