নাফ নদে বিজিবি সদস্য গুলিবিদ্ধ
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি টহল দলের ওপর গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে সুমন তালুকদার (২৮) নামে বিজিবির এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
আজ বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বিজিবির ধারণা, ইয়াবা চোরাচালানকারীরা বিজিবির ওপর গুলি চালিয়েছে। গত কিছুদিন ধরে জলিলের দিয়া নামক ওই এলাকা থেকে ইয়াবার কয়েকটি বড় চালান জব্দের ঘটনা ঘটেছে।
বিজিবি সূত্রে জানা যায়, রাতে প্রতিদিনের মতো দমদমিয়া চৌকির ল্যান্স নায়েক আবুল হোসেনের নেতৃর্ত্বে বিজিবির জওয়ানরা নাফ নদের জলিলের দিয়া (জল্ল্যার দিয়া) চোরাচালান ও ইয়াবা প্রতিরোধে টহল দিচ্ছেলেন। এ সময় একটি ট্রলার থেকে বিজিবিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করা হয়। পরে বিজিবিও আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড গুলি চালায়। এ সময় সুমন গুলিবিদ্ধ হন। পরে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে কক্সবাজার পাঠান।
টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শহীদুল ইসলাম প্রথম আলো কে বলেন, সুমন তালুকদারের ডান হাতে গুলি লেগেছে। তাঁকে কক্সবাজার পাঠানো হয়েছে।
৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি ওই এলাকায় ইয়াবার অভিযানে গেলে কে বা কারা টহল দলের ওপর গুলিবর্ষণ করে। ওই সময় বিজিবি আত্মরক্ষার্থে প্রায় ৩০ রাউন্ড গুলি ছোড়ে।