নাফিসের মামলার শুনানি শুরু
যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে নিউইয়র্কে আটক বাংলাদেশি যুবক কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিসের মামলার শুনানি শুরু হয়েছে। গতকাল বুধবার নিউইয়র্ক সিটির ব্রুকলিনে অবস্থিত ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতে শুনানি শুরু হয়।ফেডারেল কোর্টের প্রধান বিচারক ক্যারল অ্যামনের আদালতে শুনানিকালে নাফিস নিজেকে নির্দোষ দাবি করেন। তাঁর পক্ষের আইনজীবী নির্দোষ দাবি করে জামিনের আবেদন করলে প্রসিকিউটর এর বিরোধিতা করেন। আগামী ২০ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।গতকাল সকাল সাড়ে নয়টায় নাফিসকে আদালতে আনা হয়। এ সময় তাঁর পরনে ছিল ছাই রঙের বিশেষ পোশাক। আদালতে পাশে বসে তাঁর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী হেইডি সিজর। পুরো সময়ই নাফিস ছিলেন নির্লিপ্ত, ভাবলেশহীন।আদালতে বাংলাদেশ সরকারের পক্ষে উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মনিরুল ইসলাম এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলেট বিভাগের প্রধান শামসুল আলম।শুনানি শেষে নাফিসের আইনজীবীর মন্তব্য জানতে চাইলে তিনি কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকার করেন। নাফিসের আইনজীবী তাঁর জামিন চাইলে আদালত তা নাকচ করে দেন এবং নাফিসকে আবারও জেলহাজতে ফেরত পাঠানো হয়।নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ভবন উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে বাংলাদেশি যুবক নাফিসকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।জানা গেছে, যুক্তরাষ্ট্র সরকার নাফিসের কাছে দুটি প্রস্তাব দিয়েছে। এর একটি হচ্ছে, দোষ স্বীকার করে নিলে সাজার মেয়াদ কমানো হবে। অন্যটি, দোষ অস্বীকার করলে পূর্ণাঙ্গ শুনানি অনুষ্ঠিত হবে। এতে নাফিস দোষী হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ভবন উড়িয়ে দেওয়ার অভিযোগে এফবিআইয়ের সদস্যরা গত ১৭ অক্টোবর নাফিসকে গ্রেপ্তার এবং ১৬ নভেম্বর গ্র্যান্ড জুরি নাফিসকে অভিযুক্ত করেন। ঢাকায় তাঁর পরিবারের পক্ষ থেকে বলা হয়, তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন।