নাফের কোরাল খেতে মজা, দামেও সস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নাফের কোরাল খেতে মজা, দামেও সস্তা, নিয়ে যান, একখান কোরাল’—এসব কথা বলে গত শনিবার দুপুরে কক্সবাজার শহরের স্টেডিয়াম বাজারে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছিলেন মাছ ব্যবসায়ী হামিদুল হক (৪০)। লোকজন সামনে দাঁড়িয়ে মাছের দরদাম করেন। কেউ কেউ সুস্বাদু এই মাছ কিনে বাড়ি ফেরেন।শহরের ঘোনারপাড়ার মাছ বিক্রেতা হামিদুল হক জানান, টেকনাফের নাফ নদে গত দুই দিন বিপুল পরিমাণ কোরাল মাছ ধরা পড়ছে। ছোট ছোট নৌকা নিয়ে স্থানীয় জেলেরা নাফ নদ থেকে কোরাল মাছ ধরে প্রতি কেজি ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি করছেন। সেই মাছ ব্যবসায়ীরা টেকনাফ থেকে কক্সবাজার এনে ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি করছেন। তরতাজা কোরাল মাছ পেয়ে অনেকেই কিনছেন।ওই বাজার থেকে এক হাজার টাকায় আড়াই কেজি ওজনের একটি কোরাল কিনে নেন কক্সবাজারে সদ্য যোগ দেওয়া পুলিশের এক উপপরিদর্শক। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের ওই কর্মকর্তা বলেন, ‘কোরালের নাম অনেক শুনেছি, কিন্তু খাওয়া হয়নি। আজ একটি কোরাল কিনে নিলাম। টাকা একটু বেশি ব্যয় হলেও খেয়ে বেশ মজা পাওয়া যাবে বলে আশা করি।’মাছ ব্যবসায়ী হামিদুল হক জানান, বেলা ১১টা থেকে আড়াইটা পর্যন্ত তিনি এক কেজি থেকে ১৫ কেজি ওজনের ৭৬টি কোরাল বিক্রি করেছেন। তাঁর ঝুড়িতে অবশিষ্ট রয়েছে মাত্র ছয়টি কোরাল।ওই বাজারের অপর দুই ব্যবসায়ী আবদুল করিম ও সৈয়দ আহমদ গত শনিবার সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত ১৪৫টি কোরাল বিক্রি করেছেন। তাঁরা জানান, অন্য মাছের চেয়ে কোরাল কম দামে বিক্রি হচ্ছে। টেকনাফ থেকে কম টাকায় কোরাল কেনা সম্ভব হচ্ছে বলে এখানেও কম টাকায় বিক্রি করা যাচ্ছে। এক সপ্তাহ আগেও এই বাজারে কোরাল বিক্রি হয়েছে প্রতি কেজি ৫০০ থেকে ৬০০ টাকায়। হোটেল-রেস্তোরাঁয় কোরালের নাম করে পোপা, রাঙাচকি, নাক্রার এক টুকরো মাছ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়।১৭ বছর ধরে মাছের ব্যবসা করছেন সৈয়দ আহমদ (৫৬)। তিনি বলেন, সামুদ্রিক কোরাল খুবই স্বাদের, বিশেষ করে বর্ষার এই সময়ে। কাঁচামরিচ দিয়ে এই কোরাল রান্না হলে তো কথাই নেই। তিনি আরও বলেন, ইলিশের এই আকালের সময়ে নাফের কোরাল ভোজনবিলাসীদের চাহিদা মেটাচ্ছে। রমজান মাস হওয়ায় সব পেশার মানুষ সাধ্যমতো ছোট-বড় কোরাল কিনছে।