নাবালক দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলার বেগুন গ্রামে পাঁচ খুনের মামলার তিন আসামি নিজেদের নাবালক দাবি করে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। গত বুধবার জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতে আসামি পক্ষের আইনজীবীরা এ আবেদন করেন। গত বুধবার ওই মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। জেলা ও দায়রা জজ সফিউর রহমান আবেদন গ্রহণ করে আগামী ৯ মে শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন। তিন আসামি হলেন—এনামুল হক, আবদুল জলিল ও আবু হাসান সরকার। তাঁরা বর্তমানে জামিনে মুক্ত আছেন।আসামিদের আবেদনে উল্লেখ করা হয়, ওই হত্যাকাণ্ডের সময় আসামি এনামুল হক পূর্ব দুর্গাপুর জালাইগাড়ি এবতেদায়ি মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র ছিলেন। তাঁর জন্ম তারিখ ১৯৯৩ সালের ১০ জানুয়ারি। আরেক আসামি আবদুল জলিলের জন্ম তারিখ ১৯৮৯ সালের ৩ জানুয়ারি। হত্যাকাণ্ডের সময় তাঁর বয়স ছিল ১৪ বছর। অন্য আসামি আবু হাসান সরকারের জন্ম তারিখ ১৯৮৮ সালের ৮ জানুয়ারি। এই মর্মে তিনিও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেওয়া সনদপত্র আদালতে দাখিল করেন।এনামুল হক ও আবদুল জলিল জানান, ওই হত্যাকাণ্ডের সময় তাঁরা নাবালক ছিলেন। কিন্তু পুলিশ সঠিকভাবে তদন্ত না করেই তাঁদের এই মামলায় জড়িয়ে হয়রানি করাচ্ছে। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, আদালত শুনানির জন্য দিন ধার্য করেছেন। জয়পুরহাটের কালাই উপজেলার বেগুন গ্রামে একটি পীরের আস্তানায় ২০০৩ সালের ২০ জানুয়ারি রাতে দুর্বৃত্তরা পাঁচজন খাদেমকে হত্যা করে। এ ঘটনায় দায়ের হওয়ায় মামলার তদন্ত কর্মকর্তা জালাল উদ্দিন ২০০৮ সালের ১৮ নভেম্বর ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। মামলার ১৭ জন আসামি বর্তমানে জামিনে মুক্ত আছেন। এ ছাড়া জামিনে থাকা এমদাদুল হক নামের এক আসামি পলাতক। অন্যদিকে তদন্তের শুরু থেকেই দুই আসামি তরিকুল ইসলাম এবং রমজান আলী পলাতক রয়েছেন। আরেক আসামি শফিউল্লাহ জেলহাজতে রয়েছেন।