নাবি জাতের নতুন আম
চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণাকেন্দ্রের (আম গবেষণাকেন্দ্র) বিজ্ঞানীরা উন্নত জাতের নতুন একটি আম উদ্ভাবন করেছেন। তাঁরা বলছেন, এটি ক্ষীরশাপাতি ও ল্যাংড়ার মতো সুমিষ্ট এবং আম্রপালি ও বারি-৪ আমের মতোই নাবি জাতের।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউশনের (বারি) অধীন ওই গবেষণাকেন্দ্রের বাগানে আমের নতুন জাতটি সৃষ্টি হয়েছে আঁটি থেকে। সেখানকার ভারপ্রাপ্ত মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হামিম রেজা বলেন, আঁটি থেকে জাত সৃষ্টির ঘটনাটি অপ্রত্যাশিত ও আনন্দের। ইংরেজিতে এই প্রক্রিয়ায় জাত উদ্ভাবনকে ‘চান্স সিডলিং’ বলে। তাঁরা জাতটি দ্রুত অবমুক্ত করার জন্য কর্তৃপক্ষ বরাবর গত বছর আবেদন করেছেন। সেই অনুমোদন পেলে নামকরণ করে চাষিদের কাছে চারা পৌঁছানো হবে।
১৫ বছর বয়সী একটি গাছে সাত বছর ধরে নতুন জাতের ওই আম ধরছে। দেশে নাবি জাতের আমের সংখ্যা কম। তাই নতুন জাতটি বিশেষ সম্ভাবনাময়। এটি উদ্ভাবনের গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা জমির উদ্দীন। তিনি প্রথম আলোকে বলেন, ঐতিহ্যবাহী ও সুস্বাদু জাত ল্যাংড়া, ফজলি, ক্ষীরশাপাতি ইত্যাদি চান্স সিডলিং প্রক্রিয়ায় পাওয়া গেছে। বিষয়টি মাথায় রেখে তাঁরা ২০০৫ সালে কেন্দ্রের বাগানে বারি-৪ আমের ১০০টি আঁটি রোপণ করেন। ২০০৯ সাল পর্যন্ত পর্যবেক্ষণের পর শুধু একটি গাছে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়। এখন প্রতিবছরই ফল দিচ্ছে গাছটি।
নতুন আমের বৈশিষ্ট্য সম্পর্কে জমির উদ্দীন বলেন, গাছটি ওপরের দিকে বাড়ে কম এবং ছাতার মতো ছড়ানো। এটা পরিচর্যার উপযোগী ও সুবিধাজনক। কাঁচা অবস্থায় গাঢ় সবুজ হলেও পাকার সময় হলুদের সঙ্গে হালকা লাল আভা দেখা যায় এই আমে। এর মিষ্টতা প্রায় ২৫ শতাংশ। গড় ওজন ৫৬২ গ্রাম। আঁটি ও ছিলকা পাতলা। খাওয়ার উপযোগী অংশ প্রায় ৮০ শতাংশ। গাছপ্রতি গড় ফলন ১৪৭টি। রোগবালাইও কম।
নতুন আমটির চারা কলম উৎপাদনের জন্য গবেষণাকেন্দ্রে একটি মাতৃবাগান তৈরি করা হয়েছে। এখন আমটি মুক্তায়নের অপেক্ষায় আছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউশনের মূল্যায়ন কমিটি সরেজমিনে দেখে ও ল্যাবরেটরিতে পরীক্ষা করে ২০১৪ সালে এ জাতটি মূল্যায়ন করে সম্ভাবনাময় জাত হিসেবে মুক্তায়নের প্রস্তাব করেছে।