নাবিকদের সমস্যা দূর করতে নয় দফা দাবি
সমুদ্রগামী জাহাজে নৌ-ক্যাডেটদের ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ প্রদানসহ নাবিকদের সমস্যা সমাধানে নয় দফা দাবি জানিয়েছে ‘এক্স ক্যাডেটস অব বাংলাদেশ মেরিন একাডেমি’ নামের একটি সংগঠন। গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান মেরিন একাডেমির সাবেক ক্যাডেট ইমরান ওয়াহিদ। এ সময় সমুদ্রগামী জাহাজের প্রধান প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন ও জাহেদুল আলম, সমুদ্রগামী জাহাজের প্রধান কর্মকর্তা আলী হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে ইমরান ওয়াহিদ বলেন, সমুদ্রগামী জাহাজে ব্যবহারিক প্রশিক্ষণের ব্যবস্থা না করে সরকারি-বেসরকারি একাডেমিতে প্রতিবছর ক্যাডেট ভর্তির সংখ্যা বাড়ানো হচ্ছে। বেসরকারি একাডেমিগুলো দুই বছরের কোর্সের জন্য ১৫ থেকে ২০ লাখ টাকা নেয়। কিন্তু নিশ্চয়তা দিলেও তারা দুই বছরের কোর্স শেষে জাহাজে ব্যবহারিক প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারছে না। ফলে বেকার ক্যাডেটদের সংখ্যা বাড়ছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ভিসা জটিলতা, লোক নিয়োগকারী সংস্থা বা ম্যানিং এজেন্টগুলোর প্রতারণা, জাল সনদে নাবিক নিয়োগ—এসব কারণে বাংলাদেশি নাবিকদের বাজার সংকুচিত হয়ে পড়ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে নয় দফা দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এর মধ্যে রয়েছে ভিসা জটিলতা দূর করতে সরকারি পর্যায়ে উদ্যোগ গ্রহণ করা; বেকার ক্যাডেটদের ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ না পাওয়া পর্যন্ত মেরিন একাডেমিতে ক্যাডেট ভর্তির সংখ্যা কমানো ও জাল সিডিসি (ধারাবাহিক নিষ্কৃতি সনদ) রোধে মেশিন রিডেবল সিডিসি চালু করা।
এ ছাড়া বাংলাদেশি নাবিকদের বাজার সম্প্রসারণে পানামা, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে মেরিটাইম কাউন্সিলর নিয়োগ, নৌ খাতের নানা সমস্যা দূর করতে নৌপরিবহন, শ্রম মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে একসঙ্গে কাজ করার দাবি জানানো হয়।