সোমালিয়ার জলদস্যুদের হাতে আটক এমভি জাহান মণির নাবিকদের স্বজনেরা গতকাল রোববার আবার চট্টগ্রামে জাহাজের মালিকের কার্যালয়ে গেছেন। এ সময় তাঁরা কয়েকজন নাবিকের শারীরিক অবস্থার অবনতি হয়েছে জানিয়ে তাঁদের দ্রুত ফিরিয়ে আনতে কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন। এ সময় একজন কর্মকর্তা স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে, গতকাল জিম্মি নাবিকদের স্বজনেরা এমভি জাহান মণির মালিকানা প্রতিষ্ঠান এসআর শিপিংয়ের কার্যালয়ে যান। সেখানে কর্মকর্তাদের তাঁরা জানান, কয়েক দিন ধরে জলদস্যুরা নাবিকদের খাবার হিসেবে রুটি ও চিনি দিচ্ছে। খাওয়ার পরিমাণ অপ্রতুল। খাবার পানির সংকটের কারণে নাবিকদের বেশি পানি খেতে দেওয়া হয় না। এ অবস্থায় কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।গত শুক্রবার জাহান মণির একজন নাবিক টেলিফোনে স্বজনদের সঙ্গে কথা বলেন। নাবিকদের অসুস্থতার কথা জেনে গতকাল স্বজনেরা জাহাজের মালিকপক্ষকে বিষয়টি জানান। অভিযোগ পাওয়া গেছে, প্রতিষ্ঠানের কর্মকর্তারা নাবিকদের স্বজনদের সঙ্গে অসহযোগিতা করেন। এ সময় সেখানে এক নাবিকের স্বজনের সঙ্গে এসআর শিপিংয়ের একজন কর্মকর্তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এতে কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। পরে মহাব্যবস্থাপক মেহেরুল করিমের উপস্থিতিতে ওই কর্মকর্তা ক্ষমা চাইলে পরিস্থিতি স্বাভাবিক হয়।বাবা ফিরলে নাম: আট দিন আগে জন্ম নেওয়া শিশুটির এখনো নাম রাখা হয়নি। সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি তার বাবা মাঈনুদ্দিন দেশে ফিরলেই তার নাম রাখা হবে। স্বামীকে ফিরে পাওয়ার আশায় আছেন শিশুটির মা সারজিন চৌধুরীসহ স্বজনেরা। শিশুটিকে আদর করে এখন একেক জন একেক নামে ডাকছে।গত ২৩ জানুয়ারি নগরের একটি বেসরকারি ক্লিনিকে মাঈনুদ্দিনের প্রথম সন্তান জন্ম নেয়। শিশুর বাবা এই সুসংবাদ পান দুই দিন পর। তখন মাত্র ৫৭ সেকেন্ড কথা হয়েছে স্ত্রী সারজিনের সঙ্গে। সারজিন বলেন, ‘এ খবরটি জানার জন্য জলদস্যুদের অনুরোধ করে আমাকে ফোন করার অনুমতি নেয়। ফোনে জানতে চেয়েছে, তার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? ছেলের যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছে। এরপর নিজের কথা বলতেই টেলিফোন লাইনটা কেটে গেল।’