নাবিস্কো থেকে মগবাজার যানজট কমেছে
রাজধানীর নাবিস্কো থেকে মগবাজার রেললাইন এবং বিজিএমইএ ভবন থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত সড়কে লেন বিভাজন তৈরি করেছে তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাফিক পুলিশ। ফলে এই এলাকার যানজট আগের চেয়ে অনেক কমে এসেছে। এ ছাড়া নাবিস্কো থেকে মহাখালী এবং গুলশান লিংক রোডে যাওয়ার জন্য পৃথক লেন করা হয়েছে।
এদিকে বাড্ডা থেকে হাতিরঝিল সংযোগ সড়কে লেন পৃথক করায় এখন কয়েক মিনিটেই এই পথে যাতায়াত করা যায়। আগে এই পথটুকু যেতে সময় লাগত প্রায় এক ঘণ্টা। হাতিরঝিল থেকে মগবাজারে যেতে পুলিশ প্লাজার পর এখন আর কাউকে যানজটে পড়তে হয় না৷
পুলিশের উপকমিশনার ট্রাফিক (উত্তর) প্রবীর কুমার রায় বলেন, সোনারগাঁওয়ে লেন বিভাজন তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাফিকের মাঠ পরীক্ষার ফল। এ ছাড়া এখন তেজগাঁও ট্রাকস্ট্যান্ড বিকল্প সড়ক হিসেবে ব্যবহৃত হচ্ছে। কারওয়ান বাজারের কাঁচাবাজারের দখল ঠেকাতে কাজ করছে পুলিশ। ফলে এফডিসির সড়কে না গিয়ে ছোট গাড়িগুলো ট্রাকস্ট্যান্ডের সড়ক দিয়ে অল্প সময়ে সোনারগাঁও পৌঁছতে পারে। তিনি বলেন, সড়কের খানাখন্দ তাৎক্ষণিক মেরামত করতে ইটপাথর ভাঙা মজুত রাখা হয়েছে। ইতিমধ্যে মেরুল বাড্ডা এবং সাতরাস্তা থেকে হাতিরঝিল সংযোগ সড়কের সংস্কার করা হয়েছে। জরুরি প্রয়োজনে বৈদ্যুতিক মোটর কিনে সড়কের পানি নিষ্কাশন করা হয়েছে।