নাব্যতা ও ফেরি-সংকটে দৌলতদিয়ায় গাড়িজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগের অন্যতম মাধ্যম রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আবারও গাড়িজট দেখা দিয়েছে। গত শনিবার সন্ধ্যা থেকে পারাপারের জন্য যানবাহনগুলোকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। ফেরি ও নাব্যতা-সংকটের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে অতিমাত্রায় নাব্যতা-সংকটের কারণে বিকল্প একটি অ্যাপ্রোচ চ্যানেলের সঙ্গে স্থায়ীভাবে ২৪০ ফুট চওড়া এবং প্রায় এক হাজার ফুট দৈর্ঘ্যের একটি স্থায়ী চ্যানেল তৈরি করা হয়। গত ১৬ সেপ্টেম্বর সেটি খুলে দেওয়া হয়। গত শুক্রবার থেকে নাব্যতা-সমস্যার কারণে ফেরিগুলো বারবার ওই চ্যানেলের ডুবোচরে আটকে পড়ে। শনিবার দুপুরে আটকে থাকা ফেরি খানজাহান আলীকে উদ্ধার করতে গিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ আশা-১ কয়েকবার আটকে যায়। শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পাটুরিয়া থেকে রোঁ রোঁ ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে যায়। দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটের কাছে সন্ধ্যা ছয়টার দিকে মূল চ্যানেলের প্রবেশমুখে বালুচরে সেটি আটকে পড়ে। পরে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘আশা-১’ এসে প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে নয়টার দিকে ফেরিটি উদ্ধার করে। এর আগে শুক্রবার থেকে ফেরি কেরামত আলী মেরামতের জন্য নারায়ণগঞ্জের ডক ইয়ার্ডে পাঠানো হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে ফেরি শাহ আলী ৩ নম্বর ঘাটে বিকল হয়ে পড়ে। অবশ্য তাৎক্ষণিক মেরামত শেষে প্রায় এক ঘণ্টা পর সেটি সচল হয়।গতকাল সকাল সাড়ে নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘাটে অবস্থান করে দেখা যায়, পানি দ্রুত হ্রাস পাওয়ায় ফেরিঘাটের পন্টুনগুলো উঁচু হয়ে গেছে। নাব্যতা-সংকটের কারণে আগের মতো এখন অর্ধেকেরও কম পরিমাণ যানবাহন নিয়ে ফেরিগুলো ঘাট ছাড়ছে। ১১টি ফেরির জায়গায় ১০টি চললেও দুপুরে প্রায় এক ঘণ্টা একটি ফেরি বন্ধ ছিল। এতে ঘাটে যানবাহনের চাপ বাড়তে থাকে। ফেরিঘাট থেকে ক্যানেল ঘাট পর্যন্ত কোথাও দুই সারি, কোথাও তিন সারিতে রূপ নিয়েছে যানজট। তেলের পাম্প এলাকা থেকে ঘাটে পৌঁছাতে দুই মিনিটের জায়গায় সময় লাগে প্রায় দুই ঘণ্টা।ফেরি শাহজালালের মাস্টার জামাল হোসেন বলেন, বিকল্প চ্যানেল এমনভাবে তৈরি করা হয়েছে যে সহজেই একটি ফেরি নিয়ে ঘুরতে গেলেই ডুবোচরে আটকে যেতে হবে। এ ছাড়া বর্তমানে স্থায়ী চ্যানেলেও পানি অনেক কম থাকায় বারবার ফেরি আটকে যাচ্ছে। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (মেরিন) আবদুস সাত্তার বলেন, অতিমাত্রায় পানি কমে যাওয়ায় বর্তমান চ্যানেলটি বন্ধ হওয়ার উপক্রম এবং বিকল্প অ্যাপ্রোচ চ্যানেল ঝিকঝাক হওয়ায় যেকোনো মুহূর্তে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। বিআইডব্লিউটিএর খনন বিভাগের সহকারী প্রকৌশলী আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, দ্রুত নদীর নাব্যতা হ্রাস পাওয়ায় এবং পানির তলদেশে চ্যানেলগুলোতে স্রোতের কারণে বালুর স্তূপ পড়ে ডুবোচরের সৃষ্টি হচ্ছে। এসব কারণে ফেরিগুলো চলতে সাময়িক সমস্যা হচ্ছে। এ ছাড়া বিকল্প অ্যাপ্রোচ চ্যানেল তৈরির সময় অতি স্রোতের কারণে ড্রেজারগুলো ঠিকমতো বসাতে না পারায় একটু বাঁকা হয়েছে।