নাব্যতা রক্ষায় ৩২০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে আশুগঞ্জ পর্যন্ত দেশের প্রধান নৌপথটির নাব্যতা রক্ষায় প্রকল্প অনুমোদন করেছে সরকার। এ জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ হাজার ২০০ কোটি টাকা। এ নৌপথটির দৈর্ঘ্য প্রায় ৩০০ কিলোমিটার। খননের পাশাপাশি এ পথের যাত্রীবাহী ও পণ্য পরিবহনের টার্মিনালগুলোর উন্নয়ন করা হবে।
আজ বৃহস্পতিবার এই প্রকল্পসহ ১২টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্পে ৯ হাজার ৬৬৪ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে।
এই অর্থের মধ্যে দেশজ উৎস থেকে জোগান দেওয়া হবে ৪ হাজার ২৫৫ কোটি টাকা। আর প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে ৪ হাজার ৮৭৬ কোটি টাকা। এ ছাড়া প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা দেবে ৫৩৩ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে একনেকের এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
অনুমোদিত অন্য ১১টি প্রকল্প হলো ২৮৭ কোটি টাকার ঝিনাইদহ-চুয়াডাঙ্গা-মেহেরপুর-মুজিবনগর সড়ক উন্নীতকরণ; ৯৭ কোটি টাকার ১৯টি নৌ পুলিশ ফাঁড়ি ও ব্যারাক নির্মাণ; ৭০ কোটি টাকার জামালপুর-মাদারগঞ্জ মহাসড়কে তিনটি পিসি গার্ডার সেতু নির্মাণ; ২ হাজার ৯৮২ কোটি টাকার গ্রিডভিত্তিক বিদ্যুৎ সরবরাহে দক্ষতা উন্নয়ন; ৯১০ কোটি টাকার তিতাস গ্যাস ফিল্ডের লোকেশনে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন; ৮৭০ কোটি টাকার পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন এবং পুনর্বাসন; ৩২৫ কোটি টাকার নোয়াখালী এলাকার জলাবদ্ধতা নিরসনকল্পে বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন; ২৩৭ কোটি টাকার কুমার নদ পুনঃখনন; ২৯২ কোটি টাকার বিদ্যমান পুলিশ হাসপাতালসমূহের আধুনিকীকরণ; ২৭৮ কোটি টাকার চট্টগ্রামের পতেঙ্গায় বিএনএ বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণ এবং ১১৫ কোটি টাকার ১১৬ কোটি টাকার ঢাকা সিএমএইচ সম্প্রসারণ ও আধুনিকীকরণ (২য় পর্যায়) প্রকল্প।
একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্পগুলো সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।