নাব্যতা-সংকটের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। খনন চালালেও তা কার্যকর হচ্ছে না। তাই এই নৌপথে নাব্যতা-সংকট শিগিগরই দূর হচ্ছে না।
এদিকে ফেরি ডুবোচরে আটকে পড়ায় এবং পারাপার বন্ধ থাকায় গত ১১ দিনে সরকার আড়াই কোটি টাকারও বেশি রাজস্ব হারিয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রবল স্রোতের কারণে উজান থেকে পলি ও বালু এসে দৌলতদিয়া নৌ চ্যানেলে জমা হয়েছে। এ কারণে ২৫ আগস্ট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে নাব্যতা-সংকটের সৃষ্টি হয়েছে। এই নৌপথে পর্যাপ্ত পরিমাণ পানি না থাকায় ডুবোচরে ফেরি আটকে পারাপার ব্যাহত হচ্ছে।
গত ১১ দিনে কয়েক দফায় অন্তত ৮৫ ঘণ্টা বিভিন্ন ফেরি ডুবোচরে আটকে থাকে। একই কারণে এই নৌপথে টানা ৪০ ঘণ্টা ফেরিতে যানবাহন পারাপার বন্ধ থাকে। খনন (ড্রেজিং) করেও এই চ্যানেলের নাব্যতা বাড়ানো সম্ভব হচ্ছে না।
অপরিকল্পিত খনন আর খনন কার্যক্রমে দুর্নীতির কারণে ফেরি চলাচলে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন ফেরি চালক ও পরিবহনশ্রমিকেরা।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপব্যবস্থাপক (ডিজিএম) শাহাদত আলী বলেন, স্বাভাবিক অবস্থায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে প্রতিদিন গড়ে তিন থেকে সাড়ে তিন হাজার যানবাহন পারাপার হয়। এসব যানবাহন থেকে ৩৭৫ থেকে সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত ভাড়া আদায় করা হয়। কিন্তু নাব্যতা-সংকটের কারণে ২৬ আগস্ট থেকে যানবাহন পারাপার অর্ধেকে নেমে আসে। এ কারণে যানবাহন পারপার থেকে অন্তত আড়াই কোটি টাকা রাজস্ব আদায় কম হয়েছে।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, ২৫ আগস্ট বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত ফেরি খান জাহান আলী এবং বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত ফেরি কেরামত আলী ডুবোচরে আটকে থাকে। ২৬ আগস্ট রাত সাড়ে আটটা থেকে ২৭ আগস্ট ভোর পাঁচটা ও বেলা একটা থেকে তিনটা পর্যন্ত ফেরি ভাষাশহীদ বরকত এবং বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত ফেরি কেরামত আলী ডুবোচরে আটকে থাকে। ২৯ আগস্ট সকাল সাড়ে নয়টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত এনায়েতপুরী, ৩০ আগস্ট ভোর ছয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত খান জাহান আলী এবং বেলা আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ফেরি আমানত শাহ ডুবোচরে আটকে ছিল। একই দিন সকাল আটটা থেকে রোববার বিকেল চারটা পর্যন্ত ফেরি কেরামত আলী ডুবোচরে আটকে ছিল।
৩১ আগস্ট সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত ফেরি শাহজালাল এবং রাত সাড়ে ১২টা থেকে পরদিন ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ডুবোচরে আটকে ছিল। ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান সোমবার রাত পৌনে ১০টা থেকে গত মঙ্গলবার সকাল সাতটা পর্যন্ত আটকে ছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) খনন বিভাগ থেকে জানানো হয়, নাব্যতা-সংকট কাটাতে ৩০ আগস্ট থেকে দৌলতদিয়ার ২ নম্বর ঘাটের অদূরে খনন করে নতুন একটি চ্যানেল তৈরি করা হচ্ছে। এই চ্যানেলের দৈর্ঘ্য ৮০০ ফুট ও প্রস্থ ২৪০ ফুট এবং গভীরতা ১২ ফুট নির্ধারণ করা হয়েছে।
নাব্যতা-সংকট দূর না হওয়া পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রীবাহী বাস পারাপার না করার অনুরোধ জানিয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, প্রবল স্রোতে উজান থেকে পলি এসে নৌ চ্যানেল ভরাট হয়ে যাচ্ছে। এ কারণে ক্রমাগত খননের পরও খনন কার্যক্রম ফলপ্রসূ হচ্ছে না। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, তা স্পষ্ট করে বলা যাচ্ছে না। গত মঙ্গলবার সন্ধ্যায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের পরিস্থিতি পরিদর্শন করতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
সর্বশেষ অবস্থা: বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুৎ কুমার সাহা বলেন, খননের পরও নৌপথের কোনো উন্নতি হচ্ছে না। সোমবার রাত পৌনে ১০টা থেকে বুধবার (গতকাল) বেলা দুইটা পর্যন্ত টানা ৪০ ঘণ্টা ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ছিল। বুধবার দুপুরের পর তিন-চারটি করে পণ্যবাহী ট্রাক নিয়ে তিনটি ছোট ফেরি চলাচল শুরু হয়। বাস পারাপার বন্ধ রয়েছে।