নাব্যতা সংকটে আটকা পড়েছে ২০টি জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা নদীতে নাব্যতা সংকটের কারণে চট্টগ্রাম-বাঘাবাড়ী নৌ চ্যানেলে জাহাজ চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এক সপ্তাহে এ চ্যানেলের সাতটি স্থানে সারবাহী ২০টি জাহাজ আটকা পড়েছে। এখন অর্ধেক মালামাল খালাস করে জাহাজ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী বন্দরে আনা হচ্ছে। এতে সময় বেশি লাগায় উত্তরাঞ্চলের ১৬টি জেলায় চলতি বোরো মৌসুমে সার-সংকটের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।বাঘাবাড়ী বন্দর ও আটকাপড়া জাহাজচালকদের সূত্রে জানা গেছে, এক মাস ধরে যমুনা নদীতে পানি কমতে থাকায় এই চ্যানেলের আন্ধারমানিক, দুলছড়ি, বাহাদুরপুর, মোল্লারচর, সাইফুল্লারচর, পেচাকোলা, মোহনগঞ্জ এলাকায় ডুবোচর জেগে উঠেছে। এ কারণে সার ও মালবোঝাই ১০ থেকে ১২ ফুট ড্রাফট (গভীরতা) জাহাজ বাঘাবাড়ী বন্দরে ভিড়তে পারছে না। গত এক সপ্তাহে এসব স্থানে সারবোঝাই ২০টি জাহাজ আটকা পড়ে।জাহাজচালক হাফিজুল বলেন, ‘গত মাসে ১০ ফুট গভীরতার জাহাজ নিয়ে বাঘাবাড়ী বন্দরে এসেছিলাম। তখন নদীতে পানির গভীরতা ছিল ১০ ফুট। পানি কমে যাওয়ায় গত সপ্তাহে নয় ফুট ড্রাফট নিয়েও আসতে পারিনি। এ কারণে আমার জাহাজসহ আরও আটটি জাহাজ আন্ধারমানিক এলাকায় আটকা পড়ে।’সার পরিবহনকারী প্রতিষ্ঠান বাল্ক ট্রেডিং ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রতিনিধি মো. শাহান সাহ জানান, পাঁচ দিন ধরে তাঁদের প্রতিষ্ঠানের সারবোঝাই ১০টি জাহাজ আটকা পড়ে। অর্ধেক মালামাল ইঞ্জিনচালিত নৌকায় খালাস করার পর তিনটি জাহাজ বাঘাবাড়ী বন্দরে আনা হয়েছে। এ কারণে প্রতি বস্তায় অতিরিক্ত ২০ টাকা করে খরচ হচ্ছে।বাঘাবাড়ী বন্দরের সহকারী পরিচালক আবদুর রাজ্জাক জানান, এখন বন্দরে জাহাজ কম আসায় রাজস্ব আদায় কমে গেছে। নদীর নাব্যতা ঠিক রাখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়ে বিআইডব্লিউটিএর নৌসংরক্ষণ ও পরিচালন বিভাগের ঊর্ধ্বতন উপপরিচালক শাহজাল হক জানান, এই চ্যানেলটি দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত হলেও মালিকেরা ১২ ফুট ড্রাফটের জাহাজে মালবোঝাই করে আনছেন। এ কারণে নদীর মাঝ থেকে মালামাল খালাস করে আনতে হচ্ছে। তিনি দাবি করেন, এই চ্যানেলে এখন ১০ ফুট পানি রয়েছে এবং মোহনগঞ্জ ও আন্ধারমানিক এলাকায় খননকাজ চলছে। বাকি পাঁচটি স্থানে খনন শেষ হয়েছে।