নাব্যতা-সংকটে গোয়ালন্দ লঞ্চঘাট বন্ধের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় পর্যাপ্ত পানি না থাকায় পন্টুনটি এখন মাটির ওপর রয়েছে। পানি কম থাকায় পন্টুনটি সামনের দিকে ঝুঁকে গেছে। এতে যাত্রীদের লঞ্চে ওঠা-নামায় সমস্যা হচ্ছে। নাব্যতা কম থাকায় লঞ্চ পন্টুনে ভিড়তে না পারলে যেকোনো মুহূর্তে ঘাটটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।এ ছাড়া চ্যানেলেও পানি কম থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া-নগরবাড়ী রুটে লঞ্চগুলো ঝুঁকি নিয়ে চলছে। গতকাল রোববার সরেজমিনে দেখা গেছে, লঞ্চঘাটে পন্টুনের নিচে পানি না থাকায় সেটি মাটিতে আটকে সামনের দিকে কাত হয়ে পড়েছে। ফলে যাত্রীরা লঞ্চে উঠতে গিয়ে ঠিকমতো পন্টুনে দাঁড়াতে পারছে না। ১০ দিন ধরে এমন পরিস্থিতির সৃষ্টি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তেমন কোনো পদক্ষেপ না নেওয়ায় লঞ্চঘাটে কর্মরত অধিকাংশ শ্রমিক-কর্মচারী ক্ষোভ প্রকাশ করেছেন। এ ছাড়া পানি কমে চ্যানেল সরু হয়ে যাওয়ায় চ্যানেল দিয়ে একটি একটি করে লঞ্চ চলাচল করতে দেখা গেছে। কুষ্টিয়ার খোকসা থেকে আসা যাত্রী সেলিম মোল্লা বলেন, লঞ্চঘাটের পন্টুন সামনের দিকে এমনভাবে কাত হয়ে গেছে যে পন্টুনে দাঁড়িয়ে থাকা দুষ্কর। দৌলতদিয়া-পাটুরিয়া-নগরবাড়ী রুটে চলাচলকারী লঞ্চের একাধিক সারেং (মাস্টার) ও সুকানি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ফেরিঘাট থেকে লঞ্চঘাটে বেশ ঝুঁকির মধ্যে লঞ্চ চালিয়ে নিতে হয়। ওই পথের ৬০০ থেকে ৭০০ ফুট এলাকায় নাব্যতা এতই কম যে ওইটুকু পথ দিয়ে লঞ্চ চালানোর সময় লঞ্চের তলা কাদামাটিতে ঠেকে যায়। এ অবস্থায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দৌলতদিয়া লঞ্চঘাটে কর্মরত লঞ্চ মালিক সমিতির ঘাট তত্ত্বাবধায়ক নুরুল আনোয়ার বলেন, ঘাটে পর্যাপ্ত পানি না থাকায় কোরবানির ঈদের পরপরই বিআইডব্লিউটিএকে খননের জন্য অনুরোধ জানানো হয়। কিন্তু এখন পর্যন্ত খনন না করায় প্রায় ১০ দিন ধরে পন্টুন মাটিতে আটকে আছে। এতে যাত্রীদের পন্টুনের ওপর দিয়ে গিয়ে লঞ্চে ওঠা-নামা করতে অসুবিধা হচ্ছে। শুক্রবার রাতে পন্টুন থেকে দুই যাত্রী নদীতে পড়ে আহত হয়।বিআইডব্লিউটিএ আরিচা অঞ্চলের ঊর্ধ্বতন উপপরিচালক মো. শাহজল হোসেন বলেন, ইতিমধ্যে একটি ড্রেজার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় বসানো হয়েছে। রোববার (গতকাল) বিকেল থেকে খননকাজ শুরু হবে। তিন দিনের মধ্যে খনন সম্পন্ন করে পরিস্থিতি স্বাভাবিক করা হবে।