নাব্যতা-সংকটে মংলা নদী, ১৬ ঘণ্টাই বন্ধ থাকে ফেরি
নাব্যতা-সংকটের কারণে দুই বছর বন্ধ রয়েছে মংলা বন্দর ও শিল্পনগর খুলনার সঙ্গে দেশের অধিকাংশ জেলার নৌ যোগাযোগের একমাত্র মংলা-ঘষিয়াখালী নৌপথটি। এ পথের রামপাল নদীটি গত বছর থেকে প্রায় মৃত অবস্থায় রয়েছে। পাশাপাশি নাব্যতা-সংকটে রয়েছে মংলা নদী।এ নদীতে একমাত্র ফেরি সার্ভিসটি ২৪ ঘণ্টার ১৬ ঘণ্টাই বন্ধ থাকছে। নদী পারপারের জন্য খেয়াঘাটটি সরিয়ে নিতে নিতে এখন মাঝনদীতে চলে গিয়েছে। মংলা নদীতে অবস্থানরত কার্গোগুলোকে জোয়ারের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। দুই বছর ধরে ঢাকা-মংলা-খুলনা নৌপথে স্টিমার সার্ভিসও বন্ধ রয়েছে। নাব্যতা ফিরিয়ে আনার লক্ষ্যে খননের জন্য মংলা বন্দর কর্তৃপক্ষ, নৌযান শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন সংস্থা কয়েক দফায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) জানিয়েছে। এর পরও কোনো কাজ হয়নি। বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, মংলা-ঘষিয়াখালী নৌপথটি মংলা সমুদ্রবন্দর ও খুলনার সঙ্গে ঢাকা, বরিশাল ও চট্টগ্রামসহ দেশের অন্যান্য জেলার একমাত্র নৌ যোগাযোগের পথ ছিল। রামপাল নদীর নাব্যতা না থাকায় দুই বছর আগে ওই নৌপথটি বন্ধ হয়ে যায়। একইভাবে চার-পাঁচ বছর ধরে মংলা নদীতেও নাব্যতা-সংকট চলছে। চলতি বছর এই সংকট তীব্র আকার ধারণ করেছে।মংলার একমাত্র ফেরি সার্ভিসের মাস্টার (চালক) সোহরাব হোসেন বলেন, বর্তমানে নদীর দক্ষিণ পাড়ের (পুরাতন মংলা ) প্রায় মাঝখান পর্যন্ত এলাকায় ভাটার সময় চর জেগে উঠছে। এ কারণে দিনে-রাতে ২৪ ঘণ্টার মধ্যে ১৫ থেকে ১৬ ঘণ্টাই পানির অভাবে ফেরি সার্ভিস বন্ধ রাখতে হচ্ছে। ফেরিঘাটের পন্টুন ও বেইলি সেতু চার দফায় নদীর দিকে ২০০ ফুট বাড়ালেও অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। কয়েক দিনের মধ্যেই বর্ধিত অংশে নতুন করে চর জেগে উঠছে। খনন করা না হলে কিছুদিনের মধ্যেই ফেরি চালানো অসম্ভব হয়ে পড়বে।মংলা বন্দর মাঝি-মাল্লা সংঘের সভাপতি আবদুর রব বলেন, ভাটার সময় চার-পাঁচটি নৌকা দিয়ে সেতু তৈরি করে যাত্রীদের ওঠানো-নামানো করতে হয়। এতে তাঁরা চরম দুর্ভোগের শিকার হন। নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক আবুল কাশেম মাস্টার জানান, মংলা সমুদ্রবন্দরের পণ্য পরিবহনের কাজে নিয়োজিত কার্গোসহ অন্যান্য নৌযান মংলা নদীতে অবস্থান করে। বর্তমানে জোয়ার না হলে সেগুলো মংলা নদী থেকে বের হয়ে বন্দরের পশুর চ্যানেলে অবস্থিত জাহাজ থেকে পণ্য পরিবহন করতে পারে না। জোয়ারের পানি আসার জন্য ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয় নৌযানগুলোকে। বিষয়টি তাঁরা বহুবার বিআইডব্লিউটিএকে জানিয়েছেন। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর হাবিবুর রহমান ভূইয়া জানান, মংলা নদী ও ঘষিয়াখালী চ্যানেলটি বন্ধ হওয়ার কারণে ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা নৌযানগুলোকে সুন্দরবনের ভেতর দিয়ে অতিরিক্ত ১৫০ কিলোমিটার পথ ঘুরে আসতে হচ্ছে। এ কারণে বন্দরের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। আবার সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশেরও মারাত্মক বিপর্যয় ঘটছে। তাঁরা নৌপরিবহন মন্ত্রণালয়সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন।এ ব্যাপারে বিআইডব্লিউটিএর খনন বিভাগের উপপ্রধান প্রকৌশলী আতাহার আলী সরকার জানান, ২০১০ ও ২০১১ সালে দুবার খননকাজ শুরু করেও কোনো ফল না পাওয়ায় তাঁরা কাজ বন্ধ করে দেন। অপরিকল্পিত বেড়িবাঁধ, কালভার্ট ও সেতু নির্মাণ, সরকারি নদী-খাল আটকে চিংড়ি চাষসহ বিভিন্ন কারণে নদীতে স্বাভাবিক পানিপ্রবাহ কমে গেছে। তবে তাঁদের পুনরায় খননের পরিকল্পনা রয়েছে।তিনি বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহায়তায় এখানে একটি বড় রিজার্ভার নির্মাণ করতে হবে। যাতে ভাটার সময় পানিতে স্রোত তৈরি করা সম্ভব হয়। আমরা কয়েকটি নদীবিশেষজ্ঞ প্রতিষ্ঠানের মতামত নিয়েছি। ১০ এপ্রিল আন্তমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’