নাব্যতা সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ও মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি নৌপথে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আজ সোমবার সকাল থেকে ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এদিকে গত কয়েক দিনে ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এ পথের ২১ জেলার যাত্রী ও পরিবহনশ্রমিকেরা।

ফেরিঘাট ও স্থানীয় সূত্রে জানা যায়, নাব্যতা সংকট ও প্রবল স্রোতের কারণে এক সপ্তাহ ধরে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছিল। পলি জমার কারণে পদ্মা নদীর বিভিন্ন স্থানে ডুবোচরের সৃষ্টি হয়েছে। একটি ফেরি চলতে কমপক্ষে সাত ফুট পানি দরকার। সেখানে কোথাও কোথাও পাঁচ ফুটের মতো পানি আছে। এ অবস্থায় আজ ভোর পাঁচটার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

খুলনার বটিয়াঘাটা এলাকার মাইক্রোবাসের যাত্রী মো. রিয়াজ আহম্মেদ সকালে বলেন, ‘বাড়ি যাওয়ার জন্য সকালে ঘাটে এসেছি। এসে শুনলাম ফেরি বন্ধ। ফেরি চলাচল শুরু হবে, এমন আশায় অপেক্ষায় আছি। সত্যিকার অর্থে ফেরি চলবে কি না কে জানে।’

মো. রিয়াজ আক্ষেপের সঙ্গে বলেন, প্রতিবছর এ সময় নাব্য সংকট তৈরি হয়। এরপরও সন্তোষজনক সমাধানের জন্য কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয় না। এ পথের নিয়মিত যাত্রীদের দুর্ভোগের অন্ত থাকে না; বিশেষ করে ঈদের সময়গুলোয়।

মাদারীপুরের টেকেরহাটের ট্রাকচালক মো. রিপন হোসেন বলেন, ‘চার দিন ধরে শিমুলিয়া ঘাটে আটকে আছি। পণ্যবোঝাই বলে ট্রাক ফেলে যেতেও পারছি না। এখন তো ফেরিতেও উঠতে পারছি না। নদী কবে পার হতে পারব, জানা নেই। ঘাটে থেকে খরচের টাকাও শেষ। কীভাবে কী করব কিছুই বুঝতে পারছি না।’

যশোরগামী ট্রাকচালক আলমগীর হোসেন জানান, গতবার নাব্যতা সংকটের কারণে ঈদের মধ্যে সাত দিন ঘাটে আটকে ছিলেন। ঈদ ঘাটেই করেছিলেন। এবার কী অবস্থা হবে ভেবে দুশ্চিন্তা হচ্ছে।

শিমুলিয়া ঘাটের ট্রাফিক পরিদর্শক (টিআই) সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, ফেরি বন্ধ থাকায় ঘাটে যানবাহনের চাপ বেড়েছে। পারাপারের অপেক্ষায় আছে চার শতাধিক যানবাহন। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ প্রথম আলোকে জানান, অনেক দিন ধরেই নাব্যতা সংকটের জন্য ফেরি চলাচল বিঘ্ন হচ্ছে। ফেরি চলাচলের জন্য পানির স্তরের সাড়ে সাত ফুট গভীরতা দরকার। এখন আছে চার-পাঁচ ফুট।

শাহ মো. খালেদ নেওয়াজ আরও বলেন, ‘গত শনিবার লৌহজং বিকল্প চ্যানেলে নাব্যতা সংকট দেখা দিলে গতকাল রোববার সকাল থেকে সরাসরি যে চ্যানেলটি ছিল, সেটি দিয়ে সীমিত আকারে ফেরি চালিয়েছি। আজ সকালে এ পথটাও পলি জমে বন্ধ হয়ে যায়। বর্তমানে এ নৌরুটে ১৬টি ফেরি বন্ধ রয়েছে।’

শাহ মো. খালেদ নেওয়াজ জানান, কখন ফেরি চলাচল শুরু হবে, তা নির্দিষ্ট করে বলতে পারছেন না। তিনি এ পথের যাত্রী ও পরিবহনশ্রমিকদের বিকল্প পথ ব্যবহারের অনুরোধ করেন।